
ফের একবার আইনি ঝামেলায় জড়াতে চলেছেন বিরোধী দলনেতা।
শেষ আপডেট: 19 December 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: দেশের সংবিধান প্রণেতা আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবার 'রক্তারক্তি' কাণ্ড বাধে সংসদে। এনিয়ে প্রবল হট্টগোলের মধ্যে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশরী স্বরাজ এবং অন্যান্য নেতৃত্ব ইতিমধ্যেই পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছে গিয়েছেন। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে বিজেপি। ফলে, এনিয়ে ফের একবার আইনি ঝামেলায় জড়াতে চলেছেন বিরোধী দলনেতা।
আম্বেদকর বিতর্কের জেরে এদিন সংসদের মকরদ্বারের বাইরে বিজেপি-বিরোধী এমপিদের প্রবল ধস্তাধস্তি হয়। তখন রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত 'গুরুতর জখম' হন বলে অভিযোগ। এনিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তেড়েফুঁড়ে তোপ দাগেন। এমনিতে রাহুল সমসাময়িক জাপানি মার্শাল আর্ট আইকিডো-য় ব্ল্যাক বেল্ট। সেকথা না তুলেই রিজিজু বলেন, উনি কীভাবে সংসদে গায়ের জোর দেখাতে যান? কোন আইনে তিনি অন্য এমপিদের উপর গায়ের জোর ফলান? উনি কি ক্যারাটে শিখেছেন, কুং ফু শিখে এসেছেন অন্য এমপিদের মারবেন বলে, অভিযোগ রিজিজুর।
ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব এই অবস্থায় রাহুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করায় কী ঘটতে চলেছে তাঁর কপালে? সংসদীয় ও সাধারণ আইন কী বলছে? সংসদীয় রুল বুক বলছে, লোকসভার স্পিকার অনুমতি দিলে পুলিশ তদন্ত করে দেখতে পারে। এই পরিস্থিতি লোকসভার বিরোধী দলনেতার উপর কোনও বিশেষ সুবিধা বা অধিকার প্রযোজ্য নেই। বিধি অনুসারে সারঙ্গী স্বাধিকারভঙ্গের অভিযোগ আনতে পারেন সভায়। যদি ধাক্কাধাক্কির কোনও ভিডিও প্রমাণ না থাকে, তাহলে সারঙ্গীর মুখের কথা ও রাহুলের মুখের কথার উপর প্রমাণ ধরা হবে। এবং বিষয়টি প্রমাণাভাবে বিনা নিষ্পত্তিতে মিটে যাবে।
লোকসভার প্রাক্তন মহাসচিব পিডিটি আচারি বলেন, ভিডিও প্রমাণই অব্যর্থ প্রমাণ। এর অভাবে দুজনের বক্তব্যের ভিত্তিতে কোনও প্রমাণই করা যাবে না। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে দেখার আছে যে, রাহুল গান্ধী তাঁর জায়গা ছেড়ে জখম ব্যক্তির দিকে এগিয়ে গিয়েছিলেন কিনা। যদি তাঁরা দুজনেই এক জায়গায় থেকে থাকেন, তাহলে এটাকে ধস্তাধস্তি বলে ধরে নিতে হবে।