
মন্ত্রিসভা সাতটি প্রধান পদক্ষেপের অনুমোদন করেছে।
শেষ আপডেট: 2 September 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে সোমবার পাঞ্জাব-হরিয়ানার শাম্ভু সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা কৃষিক্ষেত্রকে চাঙ্গা করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করল। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মন্ত্রিসভা সাতটি প্রধান পদক্ষেপের অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে, ডিজিটাল কৃষি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং কৃষিতে জমির স্বাস্থ্যরক্ষার মতো বিষয়।
এর মধ্যে প্রধানতমটি হল ডিজিটাল এগ্রিকালচার মিশন, যাতে ২৮১৭ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এতে কৃষি উৎপাদনে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া কথা আছে। শস্যবিজ্ঞান এবং পুষ্টি নিরাপত্তায় বরাদ্দ অনুমোদন হয়েছে ৩৯৭৯ কোটি টাকা। এখানে শস্য গবেষণার উন্নয়ন, আরও ভালো খাদ্য উৎপাদন এবং জনপুষ্টিতে জোর দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি শিক্ষা এবং ম্যানেজমেন্ট, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি ও উদ্যানপালনেও বহু কোটি ব্যয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করেন।
অন্যদিকে, এদিনই সুপ্রিম কোর্ট পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নবাব সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বেঞ্চ কমিটিকে বলেছে, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা অনুধাবন করতে। তাদের বোঝাতে যাতে তারা জাতীয় সড়কের উপর রাখা ট্রাক্টর, ট্রলি সরিয়ে নিয়ে সাধারণের চলাচলের সুবিধা করে দেন। একইসঙ্গে কৃষকদের সর্বোচ্চ আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার বিষয়ে সাবধান করে দিয়েছে।