সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝা
শেষ আপডেট: 18 January 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: ৯০ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিল। কিন্তু সময় শেষ হলেও জেলে ফেরেনি। এবার সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝাকে পাকড়াও করল দিল্লি পুলিশ। ২০১৩ সালে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। তারপর থেকে জেলেই ছিল। কিন্তু ঠিক ১০ বছর পর অর্থাৎ ২০২৩ সালে প্যারোলে মুক্ত হয়ে জেলের বাইরে বেরলেও আর ফেরেনি সে।
পুলিশ জানিয়েছে, চন্দ্রকান্তের অপরাধের রেকর্ড শুনলে চমকে যেতে হবে। ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে পশ্চিম দিল্লির বিভিন্ন এলাকায় কমপক্ষে আটটা খুন করে সে। খুনের পর মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে আসত তিহার জেলের বাইরে।
একের পর এক খুন করেও দিল্লি পুলিশকে প্রতিবারই চ্যালেঞ্জ ছুড়ে দিত চন্দ্রকান্ত। খুনের পর মৃতদেহ তিহারের কাছে ফেলার সময় প্রতিবারই একটা চিরকুট লিখে রাখত। যেখানে পরিষ্কার লেখা থাকত ‘আমি খুন করেছি, পারলে আমাকে ধরো।’
অভিযোগ চন্দ্রকান্ত বিহার এবং উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের শিকার বানাত। যাকে খুন করত প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্ব করত। তারপর সুযোগ বুঝে তাঁকে খুন করত এবং পরে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে ফেলে আসত তিহার জেলের কাছেই।
২০০৩ সালে শেখর ও উমেশ, ২০২৫ সালে গুড্ডু, ২০০৬ সালে অমিত এবং ২০০৭ সালে উপেন্দ্র এবং দিলীপ নামে দু’জনকে খুনের অভিযোগ রয়েছে সিরিয়াল কিলারের বিরুদ্ধে। এক বছরের বেশি সময় পুল্কিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হলেও গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতেই অভিযুক্তকে পুরনো দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ।