
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 14 November 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রার্থীদের সমর্থনে স্টার প্রচারকদের মাঠে নামিয়েছেন প্রায় সব দলই। কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছেন কানহাইয়া কুমার। মহারাষ্ট্রের ময়দানে হিসেব বুঝে নিতে চেনা ভঙ্গিতেই বিরোধীদের আক্রমণ করলেন কানহাইয়া। তবে, এবার সরাসরি রাজনৈতিক নেতা নয়। আক্রমণের তির পৌঁছাল নেতাদের বাড়িতেও। উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কাউকে ছেড়ে কথা বললেন না তিনি।
দেশকে উগ্রপন্থা থেকে বাঁচাতে হবে, সংখ্যালঘুদের চারণভূমি হতে দেওয়া যাবে না। মোদ্দা কথা বিজেপির। কিন্তু দেশ বাঁচানোর, সমাজ বাঁচানোর দায় শুধু সাধারণ মানুষের উপর ছেড়ে দিলে কী করে হয়? মহারাষ্ট্রের নাগপুরে প্রচারে গিয়ে এই প্রশ্নই তোলেন তিনি। আক্রমণ করেন উপ মুখ্যমন্ত্রীর স্ত্রীকে। বলেন, 'ধর্ম বাঁচানোর কথা বলছেন বিজেপি নেতারা এদিকে উপ মুখ্যমন্ত্রীর স্ত্রীর দেদার রিল বানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।'
নাগপুর সাউথওয়েস্ট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন দেবেন্দ্র ফড়নবিশ। কংগ্রেসের প্রফুল্ল গুদাধে রয়েছে তাঁর বিপরীতে। নাগপুরে পৌঁছে সর্বপ্রথম তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপ মুখ্যমন্ত্রী ফড়নবিশকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। কানহাইয়া বলেন, 'যেভাবে ধর্ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন নেতারা। যদি এটা ধর্মযুদ্ধই ধরে নেওয়া হয়। জিজ্ঞাসা করুন, ধর্ম বাঁচাতে এই নেতাদের ছেলে-মেয়েরা আসবে কি না। মাঠে নামবে কি না।'
কংগ্রেস নেতার প্রশ্ন, 'কারও ছেলে বা মেয়ে যদি দেশের বাইরে পড়তে যায়, তাহলে তার পক্ষে কীভাবে ধর্ম বাঁচানো সম্ভব। উপ মুখ্যমন্ত্রীর স্ত্রীও সোশ্যাল মিডিয়ায় রিল বানাচ্ছেন।'
উপ মুখ্য়মন্ত্রীতেই শেষ নয়। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন কানহাইয়া। বলেন,'অমিত শাহর ছেলে জয় শাহ কি কোনওদিন ধর্ম বাঁচাতে আসবে সব ছেড়ে? ওরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখান তারপর ড্রিম ১১-তেও খেলতে বলেন। স্বপ্ন দেখান কিন্তু তা বাস্তবে ভুঁয়ো স্বপ্ন হয়ে দাঁড়ায়।'
কানহাইয়া কুমারের এই মন্তব্যের পর অবশ্য চুপ থাকেনি মহারাষ্ট্র বিজেপি। এনিয়ে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পাল্টা বলেন, 'এই মন্তব্য প্রত্যেক মারাঠি মহিলার অপমানের সমান।'