বাসটি চালাত একটি বেসরকারি সংস্থা, যারা বিভিন্ন এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সামলায়। আগুন লাগার সময় বাসটি ফাঁকা ছিল, ভিতরে কোনও যাত্রী বা লাগেজ ছিল না। তাই বড় কোনও বিপত্তি ঘটেনি।

বিমানের সামনেই বাসে আগুন - ফাইল ছবি
শেষ আপডেট: 28 October 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (Delhi Airport) টার্মিনাল-৩ (Terminal 3) এ হঠাৎ হইহই কাণ্ড। আচমকা আগুন ধরে যায় বিমানবন্দরের একটি বাসে (Airport Bus)। সবথেকে বড় বিষয়, আগুন লাগার সময় বাসটি একটি এয়ার ইন্ডিয়ার বিমানের কয়েক মিটার দূরে পার্ক করা ছিল। বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনও হতাহতের খবর নেই।
জানা গেছে, বাসটি চালাত SATS Airport Services Private Limited - একটি বেসরকারি সংস্থা, যারা বিভিন্ন এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সামলায়। আগুন লাগার সময় বাসটি ফাঁকা ছিল, ভিতরে কোনও যাত্রী বা লাগেজ ছিল না। তাই বড় কোনও বিপত্তি ঘটেনি।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) এক বিবৃতিতে জানিয়েছে - এটি একটি 'আকস্মিক ঘটনা'। গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার বাসে হঠাৎ আগুন লাগার পর ফায়ার টিম কয়েক মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বাসটিতে সেই সময় কেউ ছিলেন না। তাই কেউ আহত হওয়া বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমানবন্দরের সমস্ত কাজকর্ম স্বাভাবিক রয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
— Delhi Airport (@DelhiAirport) October 28, 2025
এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় শুধু বাসচালক উপস্থিত ছিলেন। তিনি অক্ষত আছেন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাসে কোনও যাত্রী বা মালপত্র ছিল না। আগুন লাগার কারণ জানতে বাসটি পরীক্ষা করা হবে। SATS সংস্থা নিজের তরফেও ঘটনার তদন্ত শুরু করেছে।
দিল্লি বিমানবন্দরে বর্তমানে তিনটি টার্মিনাল ও চারটি রানওয়ে রয়েছে, যা বছরে ১০ কোটিরও বেশি যাত্রী পরিষেবা দিতে সক্ষম। টার্মিনাল-৩, যা ২০১০ সালে চালু হয়, বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর টার্মিনাল। এটি একাই বছরে প্রায় ৪ কোটি যাত্রী পরিষেবা দিতে পারে। এখান থেকেই আন্তর্জাতিক ও দেশীয় উভয় উড়ান পরিচালিত হয়। সম্প্রতি সংস্কার শেষে চালু হয়েছে টার্মিনাল-২-ও।