
ফাইল চিত্র
শেষ আপডেট: 31 December 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: গুজরাটের বানাসকাঁঠা জেলার এক হোটেল ব্যবসায়ী ঋণের বোঝা থেকে মুক্তি পেতে নিজের ভুয়ো মৃত্যুর নাটক সাজান। অভিযুক্ত দলপত সিং পারমার (৪০) বিমার টাকা পাওয়ার জন্য গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে, এমনটা দেখানোর চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে পারমার পলাতক, তবে তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভাদগাম গ্রামে একটি পোড়া গাড়ি থেকে একটি দেহ উদ্ধার হয়। গাড়ির নম্বর দেখে জানা যায়, এটি দলপত সিং পারমারের। তাঁর পরিবারও মৃতদেহটি পারমারের বলে দাবি করে। কিন্তু পুলিশের সন্দেহ হলে, মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হয়। কিন্তু ডিএনএ পরিবারের সদস্যদের সঙ্গে মেলে না।
পুলিশ তদন্তে জানতে পারে, পারমার হোটেল বানানোর জন্য বড় ঋণ করেছিলেন এবং দেনা শোধ করতে না পেরে বিমার টাকা পাওয়ার জন্য নিজের মৃত ঘোষণা করেন। এই গোটা চক্রান্তে তাঁর ভাইসহ আরও কয়েকজন ছিল। পরিবার যতদিন না বিমার ১ কোটি ২৩ লক্ষ টাকা পাবেন, তিনি নিজেকে লুকিয়ে রাখবেন। গল্পটায় যাতে কোনওকম খুঁত না থাকে, তার জন্য পারমার ও তাঁর সঙ্গীরা একটি কবরস্থান থেকে চার মাস আগে কবর দেওয়া রমেশ সোলাঙ্কি নামে এক ব্যক্তির দেহ চুরি করেন। সেই দেহ গাড়িতে রেখে আগুন ধরিয়ে দেন।
পুলিশ সিসিটিভি ফুটেজে রাতে চারজনকে মৃতদেহ সরাতে দেখে। তাঁদের জেরা করতেই চক্রান্তের পুরো ঘটনা সামনে আসে। বানাসকাঁঠার পুলিশ সুপার আকশ্যরাজ মাকওয়ানা জানান, ‘পারমার এবং তাঁর সহযোগীরা দেহ চুরি করে গাড়িতে আগুন দিয়েছিল। তিনজন ধরা পড়েছে। মূল অভিযুক্ত পারমারকে ধরার চেষ্টা চলছে।’
'দৃশ্যম' ছবিতে পুলিশের চোখে ধুলো দিয়ে কবর থেকে দেহের অবশিষ্টাংশ এনে ক্লাইম্যাক্স ঘুরিয়ে দিয়েছিলেন অজয় দেবগন। পারমার আর অজয় হতে পারলেন না। ফাঁস হয়ে গেছে কুকীর্তি। তাই তার শ্রীঘরে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা!