
আনমোল
শেষ আপডেট: 15 November 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: বয়স মেরেকেটে আট। ওজন কমপক্ষে ১৫০০ কেজি। কম বয়সেই তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। কৃষকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এখন শুধু তাকে নিয়েই আলোচনা। ইতিমধ্যে তাকে নিজের বাড়ি নিয়ে যেতে রীতিমতো দর কষাকষি শুরু হয়ে গিয়েছে। দাম পৌঁছে গিয়েছে ২৩ কোটি টাকায়। হরিয়ানার মোষ ‘আনমোল’কে নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।
পুষ্কর মেলা হোক বা মেরঠে কৃষক মেলা, প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে আনমোলকে। ‘হেভিওয়েট’ হওয়ার পাশাপাশি তার গুণও রীতিমতো চমকে দেওয়ার মতো।
চেহারার পাশাপাশি অনেক কৃষকরাই এখন আনমোলের মতো মোষকে নিজেদের বাড়ির সদস্য করে নিতে উঠেপড়ে লেগেছেন। বিশেষ করে ‘ব্রিডিং’-এর জন্য আনমোলের দিকেই নজর পড়েছে তাঁদের।
তবে আনমোলকে লালন পালনের খরচ নেহাতই কম নয়। শুধুমাত্র তাঁর পিছনেই মালিকের শয়ে শয়ে টাকা খরচ হয়। প্রতিদিন তার খোরাক জোগাতে ১৫০০ টাকা খবচ হয়ে যায়। সেই তালিকায় ২৫০ গ্রাম আমন্ড বাদাম, ৪ কেজি বেদানা, ২০টি ডিম, ৩০টি কলা যেমন থাকে, তেমনই বাদ যায় না দেশি ঘি, সোয়াবিন ও ভুট্টা।
সপ্তাহে মাত্র দু’দিন স্নান করানো হয় আনমোলকে। আমন্ড ও সরষের তেল গায়ে মাখিয়ে স্নান করানো হয় তাকে। আনমোলের মা প্রতিদিন ২৫ লিটার দুধ দেয়। পাশাপাশি আনমোলের সিমেনের চাহিদা তুঙ্গে থাকায় শুধুমাত্র তা দিয়েই মাসে ৪ থেকে ৫ লাখ টাকা পকেটে আসে মালিকের। তবে তাকে নিয়ে চাহিদা তুঙ্গে থাকলেও আনমোলের মালিক তাকে বিক্রি করতে একেবারেই রাজি নন।
ইতিমধ্যে আনমোলের দাম ২৩ কোটি টাকায় পৌঁছে গেলে হরিয়ানার সিরসার বাসিন্দা মালিক গিল তাকে নিজের পরিবারের সদস্য হিসাবেই দেখেন। তাই তাকে বিক্রির কোনও প্রশ্নই ওঠে না।