
অভিনেতা আল্লু অর্জুন সরাসরি পদপিষ্ট হওয়ার ঘটনার দোষী নন।
শেষ আপডেট: 13 December 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের গ্রেফতারি ও জেল হেফাজতের নির্দেশ শুধু সিনেমা জগতে সীমাবদ্ধ রইল না। তেলঙ্গানার কংগ্রেস সরকারকে আল্লু অর্জুন ইস্যুতে কাঠগড়ায় তুলেছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি। বিআরএস নেতা কেটি রামারাও এবং বিজেপি নেতৃত্ব তেলঙ্গানার শাসকদল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে এই ইস্যুতে।
বিআরএস নেতা কেটিআর বলেন, এই ঘটনাই প্রমাণ করে রাজ্যের শাসকদল কংগ্রেস নিরাপত্তাহীনতায় ভুগছে। একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে সাধারণ অপরাধীর মতো আচরণকে অযৌক্তিক বলে অভিযোগ তোলেন তিনি। এক্সবার্তায় তিনি লিখেছেন, মৃতার পরিবারের প্রতি তিনি সমব্যথী। কিন্তু সরকার যেভাবে আচরণ করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা আল্লু অর্জুন সরাসরি পদপিষ্ট হওয়ার ঘটনার দোষী নন। তাঁকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করা যায় না। কেননা সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লু অর্জুন যে স্ক্রিনিংয়ের সময় আসবেন, সেকথা পুলিশকে আগাম জানানো হয়েছিল। কিন্তু, পুলিশ ভিড় সামলানোর কোনও ব্যবস্থা রাখেনি।
অন্যদিকে, বিজেপির এমপি বান্দি সঞ্জয় কুমার একই সুরে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে তুলোধনা করেছেন এ বিষয়ে। তিনি বলেছেন, মানুষকে মানুষ বলে জ্ঞান না করে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে শাসকদলের পুলিশ। আল্লু অর্জুন হলেন একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। ভারতীয় সিনেমায় আন্তর্জাতিক খ্যাতি নিয়ে এসেছেন। তাঁর সঙ্গে পুলিশ অভদ্র আচরণ করেছে। মুখ্যমন্ত্রীর পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ হয়েছিল বলেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরকম হাইভোল্টেজ অনুষ্ঠানের জন্য পুলিশকেই সতর্ক থাকা উচিত ছিল।
এদিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গ্রেফতারি নিয়ে বলেন, আইন আইনের পথে চলবে। এই মামলায় কেউ নাক গলাবে না। তদন্ত প্রক্রিয়া নিজের পথে এগবে।