
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: বিহার জুড়ে সেতু আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের!
শুক্রবার মধুবনী জেলার ভেজা থানার মাধেপুর ব্লকে ভূত নদীর উপর ভেঙে পড়েছিল নির্মীয়মান সেতু। ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল সেতুটি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই সেতুর একাংশ ভেঙে পড়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। এবার ঠাকুরগঞ্জ ব্লকের পাথারিয়া পঞ্চায়েতের খোশি ডাঙ্গি গ্রামে জলের তোড়ে ফাটল ধরল আরও একটি সেতুতে।
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে ওই ফাটল দেখতে পান বাসিন্দারা। বেলা গড়াতে সেতুর উপর দিয়ে বইছে এক ফুট জল। যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এই সেতুটি ভেঙে পড়লে কী হবে, উদ্বেগে বাসিন্দারা।
২০০৭-২০০৮ সালে ঠাকুরগঞ্জের তৎকালীন সাংসদ মহম্মদ তসলিমউদ্দিনের এমপি তহবিল থেকে এই সেতুটি তৈরি করা হয়েছিল। এত অল্প সময়ে সেতুতে ফাটল দেখা দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
গত ১৯ জুন বিহারের আরারিয়ায় কোটি টাকা খরচে নির্মীয়মান সেতুর একটি অংশ ধসে পড়ে। সেই শুরু। তিনদিনের ব্যবধানে ২২ জুন, সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে। পরের দিন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মান ছোট সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার কিষাণগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়ে। শুক্রবার মধুবনীতে, একদিনের ব্য়বধানে রবিবার আরও একটি সেতুতে ফাটল।
বিহারজুড়ে এবারে ভারী বর্ষণ হচ্ছে। বেশিরভাগ নদীর জলস্তর বেড়েছে। তারই চাপে সেতুগুলি ভেঙে পড়ছে বলে সরকারের দাবি। অন্যদিকে শনিবার রাতে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায় আরগা নদীর উপর একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়েছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি তৈরি করা হচ্ছিল ।