
ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমে ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি। আটকে পড়েছেন অনেক পর্যটক। স্থানীয়দের অভিযোগ, মাত্র এক বছর আগে এই ব্রিজটি তৈরি হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে ব্রিজ-বিপর্যয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে গেছে।
তিস্তা নদীর ওপর এক বছর আগে তৈরি হয়েছিল সঙ্কলাং ব্রিজ। বুধবার তার ওপর দিয়ে একটি মালবোঝাই লরি পারাপারের সময়েই বিপত্তি ঘটে। ৬০ মিটার দীর্ঘ এই ব্রিজ ভেঙে পড়ার ফলে লাচুং এবং লাচেনের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। পর্যটকদের পাশাপাশি ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। এই ঘটনার ফলে সব গাড়িগুলিকে মঙ্গন এবং আপার জঙ্গু এলাকা ঘুরে যেতে হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই যানজট বাড়ছে ওই এলাকাগুলিতে।
গত বছর জুন মাসে অতি বৃষ্টির ফলে তিস্তা নদীর ওপরের ব্রিজ ভেঙে গেছিল। তবে সেনা যুদ্ধকালীন তৎপরতায় কয়েক দিনের মধ্যেই এই ব্রেইলি ব্রিজ তৈরি করেছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই সেই ব্রিজ খুল দেওয়া হয়েছিল যান চলাচলের জন্য। তবে ব্রিজ চালু হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই তা ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। লরিটিরও কোনও ক্ষতি হয়নি।
ভেঙে পড়া ব্রিজ কতদিনের মধ্যে মেরামত করে আবার তা চালু করা যেতে পেরে সে নিয়ে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। এদিকে সিকিম প্রশাসন নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই এলাকার সমস্ত গাড়িচালক এবং পথচারীদের সঙ্কলাং রুট এড়িয়ে যেতে হবে।