তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফে জানানো হয়েছে, ব্রেকফাস্টে তিন দিন পাউরুটির সঙ্গে দুধ দেওয়া হবে। বাকি দিনগুলি অন্যান্য পুষ্টিকর পানীয় এবং ডিম, কলা ইত্যাদি দেওয়া হবে।

শেষ আপডেট: 20 March 2026 20:28
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানায় প্রাথমিক স্কুলে ক্লাস শুরুর আগে শিশুদের ব্রেকফাস্ট বা সকালের খাবার পরিবেশন করা হবে। এছাড়া কলেজের একটি স্তর পর্যন্ত মিড ডে মিল (Mid day Meal) সরবরাহ করা হবে পড়ুয়াদের।
শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতায় সরকারের এই দুই সিদ্ধান্তের কথা জানান উপমুখ্যমন্ত্রী ভাট্টি ভিক্রামার্কা। তিনি আরও জানান, আসছে জুনে রাজ্যে চালু হবে পরিবার পিছু পাঁচ লাখ টাকার জীবন বিমা প্রকল্প। কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নামে জীবন বিমা প্রকল্পের নাম রাখা হয়েছে ইন্দিরা আম্মা প্রকল্প। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের মৃত্যুতে এই অর্থ দেওয়া হবে।
প্রাথমিক স্কুলে ক্লাস শুরুর আগে শিশুদের ব্রেকফাস্ট দেওয়ার ব্যবস্থা তামিলনাড়ুর কিছু জেলায় চালু আছে। দ্বিতীয় রাজ্য হিসেবে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা এই প্রকল্প চালু করতে চলেছে গোটা রাজ্যে। সেই সঙ্গে ইন্টারমিডিয়েট কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হবে। তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফে জানানো হয়েছে, ব্রেকফাস্টে তিন দিন পাউরুটির সঙ্গে দুধ দেওয়া হবে। বাকি দিনগুলি অন্যান্য পুষ্টিকর পানীয় এবং ডিম, কলা ইত্যাদি দেওয়া হবে।
মন্ত্রী জানান ব্রেকফাস্ট ও মিড ডে মিলের জন্য চলতি আর্থিক বছরে ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে জীবন বিমা প্রকল্পটির জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ চার হাজার কোটি টাকা। তেলেঙ্গানা সরকার জানিয়েছে মোট দেড় কোটি পরিবার বিমা প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের জন্য কোনও আর্থিক মানদন্ড নির্ধারণ করা হয়নি। রোজগার নির্বিশেষে সব পরিবার এই জীবন বিমা প্রকল্পের সুবিধা পাবে।
ব্রেকফাস্ট এবং মিড ডে মিল প্রকল্প নিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচিগুলির মাধ্যমে তেলেঙ্গানা সরকার প্রতিটি শিশুর স্বপ্নে প্রাণ সঞ্চার করছে। তেলেঙ্গানার সাফল্য তার শিক্ষার্থীদের সাফল্যের মধ্যেই নিহিত। এই উদ্দেশ্য সাধনের জন্য, আমাদের সরকার এই বাজেটে দুটি নতুন প্রকল্প চালু করছে। ব্রেকফাস্ট চালুর বিষয়ে মন্ত্রীর বক্তব্য এর ফলে ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবার পাবে, স্কুলে তাদের হাজিরা বৃদ্ধি এবং ক্লাসের পঠন-পাঠনে মনোযোগী হবে।
শিশু শিক্ষার সঙ্গে যুক্ত একাধিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞের মত হল, গোটা দেশেই প্রাথমিক স্কুলে ব্রেকফাস্ট বা ক্লাস শুরুর আগে খাবার পরিবেশন এর ব্যবস্থা চালু করা দরকার। কারণ বহু ছেলেমেয়ে সকালে খালি পেটে কুলে আসে। বছর দুই আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যলিন চেন্নাইয়ের একটি প্রাথমিক স্কুলে গিয়ে জানতে পারেন অনেক ছেলেমেয়ে বাড়ি থেকে কিছু না খেয়ে স্কুলে এসেছে। সচিবালয়ে ফিরে গিয়ে সেদিনই তিনি কোন শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক স্কুলে ক্লাস শুরুর আগে ছেলেমেয়েদের খাবার পরিবেশন করতে হবে। অল্পদিনের মধ্যেই চেন্নাইয়ে ওই প্রকল্প চালু হয়। ধীরে ধীরে রাজ্যের সব জেলাতে তা চালু করার চেষ্টা শুরু হয়েছে। প্রসঙ্গত, স্কুলে মিড ডে মিলও প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতেই।