বিসর্জন দেখতে গিয়ে নিঁখোজ হয়েছিল উত্তাল সমুদ্রে, ২৪ ঘণ্টা পরে জীবন্ত উদ্ধার কিশোর
শেষ আপডেট: 1 October 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো: লৌকিক হয়েও এ যেন এক অলৌকিক কাহিনি! বেশ আনন্দ করে দেখতে গিয়েছিল গণেশ পুজোর বিসর্জন। জোয়ারের ঢেউয়ে টাল সামলাতে পারেনি। ভেসে গিয়েছিল উত্তাল সমুদ্রে। অনেক খুঁজেও সন্ধান না পাওয়ায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। কিন্তু সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এল কিশোর। ২৪ ঘণ্টা পরে তাকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
সমুদ্রে তলিয়ে গিয়ে ফিরে আসার এমন অভাবিত ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। সেখানেই লক্ষ্ণণ দেবীপুজক নামে এক কিশোর মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পেয়েছে । বিসর্জন দেখতে এসে শুক্রবার বিকেলে জোয়ারের জলে ভেসে গিয়েছিল ১৩ বছর বয়সি ওই কিশোর। প্রায় একদিন পরে শনিবার বিকেলে জীবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আরব সাগরের সৈকত থেকে প্রায় ১৮ নটিকাল মাইল দূরে ওই শিশুকে উদ্ধার করেছেন মৎস্যজীবীরা।
স্থানীয় সূত্রে খবর, পরিবারের সঙ্গে গণেশ ঠাকুর বিসর্জন দেখতে সমুদ্রের পাড়ে হাজির হয়েছিল লক্ষ্মণ। আচমকাই প্রবল জোয়ারে টাল সামলাতে পারেনি। স্রোতের টানে সমুদ্রে ভেসে যায় সে। এরপর সমুদ্রে বেশ অনেকটা দূর পর্যন্ত খোঁজা হয়। কিন্তু সন্ধান পাওয়া যায়নি তার। কিশোরের নামে মিসিং ডায়রিও করা হয়। কিন্তু কথায় বলে, রাখে হরি মারে কে! তাই উত্তাল সমুদ্রে ভেসে গিয়েও বেঁচে ফিরেছে কিশোর।
মাঝ সমুদ্রে কিশোরকে ভেসে থাকতে দেখেন রাসিক ট্যান্ডেল নামে এক মৎস্যজীবী। পুলিশ জানিয়েছে, গণেশ ঠাকুরের সঙ্গে থাকা একটা বিরাট প্লাইউডের পাটাতনের উপর ঠায় বসেছিল সে। যাতে ডুবে না যায় সেজন্যই ভেসে থাকার চেষ্টা করছিল সে। দূর থেকে মৎসজীবীরা দেখতে পেয়ে এগিয়ে যায়। কাছে এসে দেখতেই চমকে যান তাঁরা। কিশোরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তাঁরা। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিশোরকে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সকলে। মৎসজীবীদের সহায়তায় 'দ্বিতীয় জীবন' ফিরে পেয়েছে কিশোর।