2.jpeg)
মুলতুবি সংসদের দুই কক্ষ।
শেষ আপডেট: 2 December 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীত অধিবেশনের ষষ্ঠদিনের শুরুতেও যথারীতি বিরোধীদের হট্টগোলে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। বেলা ১১টায় সভার শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরি এক প্রশ্নের জবাব দেওয়ার সময় বিরোধীরা একযোগে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে হইচই জুড়ে দেন। স্পিকার ওম বিড়লা বারবার বিরোধী সদস্যদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন। তাতেও কোনও কাজ না হওয়ায় সভা সাময়িক মুলতুবি করেন তিনি। পরে দুপুর ১২টায় ফের সভা বসলে উত্তাল হয়ে ওঠে লোকসভা। শেষে দিনের মতো সভার কাজ মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার।
এদিন সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ভারত-চিন সম্পর্কের উন্নতির প্রসঙ্গে বিবৃতি দেওয়ার কথা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুদেশের সেনা সরানোর বিষয়ে দেশকে অবগত করবেন জয়শঙ্কর। অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সদস্যদের শান্ত হওয়ার আবেদন জানালেও কোনও কাজ হয়নি। শেষে তিনিও দুপুর পর্যন্ত সভা মুলতুবি করে দেন। রাজ্যসভাতেও একই ছবি ফুটে ওঠে দুপুরে। ফের কার্যাবলি শুরু হতে না হতেই বিরোধীদের হট্টগোলে এদিনের মতো সংসদের উচ্চকক্ষ মুলতুবি করে দেন ধনখড়। সব মিলিয়ে শীত অধিবশনের শুরু থেকে একদিনও গোটা দিন সভার কাজ চলতে পারল না।
এদিনই বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা সম্মিলিতভাবে স্পিকারকে সুষ্ঠুভাবে সভার কাজ চালানোর অনুরোধ জানান। সংসদ বসার আগে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গের ঘরে ইন্ডিয়া জোটের নেতারা মিলিত হন। ওই বৈঠকে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।