
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক
শেষ আপডেট: 22 August 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রাখা আছে বলে খবর পাওয়ার পর কেরলের রাজধানী তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা বাদে বাকিদের বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়েছে। বিমান চলাচল ফের কখন চালু হবে সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে নিয়ে। যাত্রীবাহী বিমানটি কেরলের আকাশসীমায় ঢোকার পর মুম্বই ও তিরুবনন্তপুরমের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে খবর আসে বিমানে বোমা রাখা আছে।
সেই খবর পাওয়া মাত্র তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে সব বিমান অন্য বিমানন্দরে পাঠিয়ে দেওয়া হয়। রানওয়ে খালি করে মুম্বই থেকে আসা বিমানটিতে একপ্রান্তে নিয়ে পার্ক করানো হয়। যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপদে বের করে আনা হলেও বিমানে বোমা আছে কী নেই, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি কেন্দ্র ও রাজ্যের এজেন্সিগুলির বোম স্কোয়াড।
বোমা রাখার খবর কে বা কারা দিয়েছে? জানা যাচ্ছে, কোনও গোয়েন্দা এজেন্সিই বিশেষ সূত্রে পাওয়া খবরটি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। ভারতে গত মাস ছয়-সাত ধরে বোমাতঙ্কের খবরে নিরাপত্তা এজেন্সিগুলি জেরবার। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষেরও। শুধু বিমান নয়, দিল্লি-সহ একাধিক শহরে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ব্যাপারে বার্তা আসে। সবগুলিই ভুয়ো প্রমাণিত হয়। নিরাপত্তা এজেন্সিগুলি সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু মেল পাকিস্তান ও চিন থেকে পাঠানো হয়েছে বলে তদন্ত জানা যায়।