
আমির খান
শেষ আপডেট: 6 February 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: বয়স যে নিছক একটা সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন আমির খান। ৫৯-এ এসেও মন যে তাঁর পুরোপুরি তরুণ ও ফুরফুরে, সেটাও এবার স্পষ্ট! বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' নাকি আবার প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে, তাঁর জীবনে নতুন এক ‘গৌরী’ এসেছেন। বলিউডের বাইরের সেই রহস্যময়ী নাকি বেঙ্গালুরু নিবাসী।
গোপন প্রেমের গল্প বলিউডে নতুন কিছু নয়, তবে আমির খান এবার যেন একটু বেশিই সতর্ক! নতুন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে পিঙ্কভিলার খবর, এই ‘গৌরী’ বলিউডের সঙ্গে কোনও সম্পর্কই রাখেন না, একেবারে ভিন্ন জগতের মানুষ। এর মধ্যেই নাকি আমির তাঁকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, আর সেই প্রথম মোলাকাত বেশ জমাটিই হয়েছে। বোঝাই যাচ্ছে, ব্যাপারটা হালকা চালে নিচ্ছেন না অভিনেতা।
শাহরুখের স্ত্রী গৌরী খানের জন্ম এক পাঞ্জাবি হিন্দু পরিবারে, তাঁর বিয়ের আগে পদবী ছিল ‘চ্ছিবার’। অন্যদিকে আমিরের নতুন ‘গৌরী’ সম্পর্কে এমন কোনও তথ্য মেলেনি। তবে নামের মিল দেখে বলিউডের ফ্যানরা ইতিমধ্যেই মজার মিম বানাতে ব্যস্ত।
এদিকে আমির খানের প্রেমের ইতিহাসও বেশ জমকালো। ১৯৮৬ সালে রীনা দত্তর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। তাঁদের দুই সন্তান, জুনাইদ এবং ইরা। তবে ২০০২ সালে সেই সম্পর্কের ইতি হয়। এরপর ২০০৫-এ পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে আমিরের, তাঁদের ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে কিরণের সঙ্গেও সম্পর্কের সমাপ্তি ঘটে। তবে মজার ব্যাপার, আমির তাঁর দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই চমৎকার সম্পর্ক বজায় রেখেছেন।
অভিনয়ের দিক থেকেও আমির খান বেশ কিছুদিন ধরে বিরতিতে ছিলেন। ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর খানিকটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। তবে এ বছর ‘সিতারে জমিন পর’ দিয়ে আবারও পর্দায় ফিরছেন আমির। এবার তাঁর সঙ্গে থাকছেন ‘তারে জমিন পর’-এর সেই ছোট্ট দর্শিল সাফারি। সে অবশ্য আর ছোট্টটি নেই!
নতুন প্রেম, নতুন সিনেমায় শুরু হল নতুন বছর। আমির খানের নতুন অধ্যায় ঠিক কতটা রঙিন হয়ে ওঠে নতুন রঙে, সেটাই এবার দেখার।