.webp)
লরেন্স বিষ্ণোই গ্যাং খুনের হুমকি দিয়েছে বলে তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে
শেষ আপডেট: 29 October 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের সপ্তাহ দুয়েকের মধ্যে তাঁর ছেলে জিশান সিদ্দিকি এবং সিদ্দিকি-পরিবার ঘনিষ্ঠ বলিউড অভিনেতা সলমন খানের কাছে তোলা চেয়ে হুমকি ফোন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শিশুসাধু বলে ভাইরাল হওয়া অভিনব অরোরাকেও লরেন্স বিষ্ণোই গ্যাং খুনের হুমকি দিয়েছে বলে তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় দিল্লির কাছে নয়ডা থেকে এক ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিশান ও সলমনকে ফোন করে টাকা চাওয়ার হুমকি দেওয়া হয় গত শুক্রবার, ২৫ অক্টোবর রাতে। জিশান সিদ্দিকির অফিস থেকে এক অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। টাকা না দিলে তাঁদের খুনের হুমকি দেওয়া হয়। সিদ্দিকির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র মঙ্গলবার সকালে জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করেছিল।
মুম্বইয়ের বান্দ্রা পূর্ব কেন্দ্রের বিধায়ক জিশানের অফিসের জনসংযোগ আধিকারিককে ফোন করে হুমকি দেওয়া হয়। কয়েকদিন আগে জিশান অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দেন। ভোটমুখী মহারাষ্ট্রে সেটাও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী বরুণ সিরদেশাইয়ে বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাং ১০ বছর বয়সি স্বঘোষিত এক নাবালক সন্তকে খুনের হুমকি দিয়েছে বলে অভিনব অরোরা নামে ওই বালকের পরিবারের তরফে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বাল সন্তবাবা নামে এই অরোরা বিখ্যাত হয়ে উঠেছে। সংবাদ সংস্থার কাছে অভিনবের মা জ্যোতি অরোরা বলেন, ও ধর্মকর্ম ছাড়া আর কিছু করে না। ও এমন কিছু করেনি যাতে ওকে খুনের হুমকি দেওয়া হবে। তাও এরকম হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগে জানান।
কে এই অভিনব অরোরা?
১০ বছরের এই নাবালক সাধু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুবই প্রচার পাচ্ছে। ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে ৯ লক্ষ ফলোয়ার আছেন। সেখানে সে তার হিন্দু উৎসবের ভিডিও শেয়ার করে। কখনও ধর্মগ্রন্থ পাঠ করে শোনায় অথবা অন্য ধর্মীয় সাধুসন্তদের সঙ্গে আলোচনা পোস্ট করে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি তাকে ভারতের সর্বকনিষ্ঠ ধর্মীয় কথাকার বলে তকমা দেওয়ার পর থেকে অভিনবর পরিচিতি আরও বেড়ে যায়। নিজেকে সে বলরাম বলে। বড় ভাই হিসেবে ছোট ভাই কৃষ্ণ আরাধনাই অভিনবের লক্ষ্য বলে প্রচার করা হয়।