
রোহিণীর স্কুলে বোমাতঙ্ক
শেষ আপডেট: 29 November 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো: প্রশান্ত বিহারের পর এবার দিল্লির রোহিণী। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের রাজধানী শহরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সেখানকার একটি বেসরকারি স্কুলে উড়ো একটি হুমকি ইমেল আসে। পরিষ্কার জানানো হয়, স্কুলটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক ও পড়ুয়ারা।
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, বম্ব স্কোয়াড ও পুলিশ। দিল্লির দমকল কর্মীরা জানিয়েছেন, এদিন খবর পেয়ে গোটা স্কুল খালি করিয়ে চলে তল্লাশি। কিন্তু কোথাও কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি। মূলত হুমকি দেওয়ার জন্যই ইমেল পাঠানো হয় বলে খবর। কে, বা কারা এমন হুমকি বার্তা পাঠিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, এদিন রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলে সকাল ১০টা ৫৭ মিনিট নাগাদ হুমকি ইমেল এসে পৌঁছয়। এর কিছুক্ষণের মধ্যে দিল্লি পুলিশের কাছে পুরো ঘটনার কথা জানিয়ে ওই স্কুলের শিক্ষকরা আতঙ্কিত হয়ে ফোন করেন বলে খবর। বিষয়টি জানাজানি হতেই দিল্লি পুলিশের দল স্কুলে এসে পৌঁছয়।
জানা গেছে, বৃহস্পতিবার প্রশান্ত বিহারের পিভিআর সিনেমার সামনে যেখানে বিস্ফোরণ হয়েছিল রোহিণীর স্কুলটি সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে।
প্রথমে স্কুলে গিয়েই শিক্ষক ও পড়ুয়াদের নিরাপদে বাইরে বের করে আনে পুলিশ। এরপর স্কুলের সব জায়গায় চিরুনি তল্লাশি চালান তদন্তকারীরা। খবর দেওয়া হয় অভিভাবকদের। তাঁরা আতঙ্কিত হয়ে স্কুলে পৌঁছে সেখান থেকে পড়ুয়াদের বাড়ি নিয়ে যায় বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারই প্রশান্ত বিহারের পিভিআর-এর কাছে একটি পার্কের দেওয়ালে বিস্ফোরণ। ঘটনাস্থলে পাউডারের মতো সাদা গুঁড়ো পদার্থ পাওয়া যায় বলে খবর। বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। তবে চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বোমাতঙ্কের ঘটনায় অশান্ত হয়ে উঠল রাজধানী শহর।