
শেষ আপডেট: 5 October 2023 18:13
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পোস্টারের আদলে তৈরি ছবি। তাতে যোদ্ধার পোশাক পরানো রাহুল গান্ধীর একাধিক মুখ বসানো। মাঝেরটি বাকিগুলির তুলনায় বড়। রাবণের দশমুখের ছবি যেমন হয়।
এমন একটি ছবি বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে আপলোড করা হয়েছে। তাতে লেখা, এ যুগের রাবণ। বলা হয়েছে, এটি কংগ্রেস পরিচালিত ‘রাবণ’ ছবির পোস্টার। এই ছবির প্রযোজক অর্থাৎ টাকা ঢেলেছেন জর্জ সোরস।
পদ্ম শিবিরের এই পোস্টার নিয়ে তীব্র বিবাদ শুরু হয়েছে দেশের প্রধান দুই দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেস গুরুতর প্রশ্ন তুলেছে পোস্টারের উদ্দেশ্য নিয়ে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, বিজেপি আসলে হিংসায় উসকানি দিচ্ছে। তারা চাইছে প্রাক্তন কংগ্রেস সভাপতির পরিণতি হোক ইন্দিরা ও রাজীবের মতো। প্রাক্তন এই দুই প্রধানমন্ত্রী বিচ্ছিন্নতাবাদী শক্তির হামলায় নিহত হয়েছেন। জয়রামের প্রশ্ন, রাহুলকে বারণ সাজিয়ে পোস্টার ছড়িয়ে বিজেপি কি চাইছে এই কংগ্রেস নেতাও হামলার শিকার হোন।
বিজেপি এক্স হ্যান্ডেলে ছবিটি দিয়ে লিখেছে, ইনি এ যুগের রাবণ, ইনি রাম বিরোধী, ইনি ভারতকে ভাঙতে চাইছেন। তাতে মার্কিন ধনকুবের জর্জ সোরসের প্রসঙ্গ টানা হয়েছে ভিন্ন প্রসঙ্গে। সোরস দেশে দেশে গণতন্ত্রকামীদের পাশে দাঁড়ান এবং তাঁদের আন্দোলনকে অর্থ সহায়তা দিয়ে থাকেন। এই কারণে তাঁর বিরুদ্ধে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এ বছরের গোড়ায় রাহুল গান্ধী লন্ডন সফরে গিয়ে দেশে গণতন্ত্র বিপন্নতার কথা বলার পর ভারত নিয়ে মুখ খুলেছিলেন সোরস। বলেছিলেন, আশাকরি ভারতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমি সর্বদা পাশে আছি।
সোরসের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল কংগ্রেসই। দলের তরফে বলা হয়, ভারতবাসী নিজেরাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে। এরজন্য বিদেশিদের সাহায্যের প্রয়োজন হবে না।
কিন্তু বিজেপি সোরসের নাম টেনে এনে কংগ্রেসের পাশে বিদেশিদের হাত থাকার অভিযোগ দাঁড় করাতে চাইছে, অভিযোগ হাত শিবিরের। দলীয় সূত্রের খবর, বিজেপির পোস্টারটি নিয়ে কংগ্রেস থানা-পুলিশ করতে পারে। দলের আইনজীবী সেলকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।