
শেষ আপডেট: 7 December 2023 17:02
দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন সম্পর্ক একটি ‘বিপজ্জনক রোগ’, যা সমাজ থেকে নির্মূল করা দরকার। লিভ ইন সম্পর্কের বিরুদ্ধে আইন প্রণয়ন না করলে ভারতীয় সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। লোকসভায় অধিবেশন চলাকালীন এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ ধরমবীর সিং। এছাড়াও বিয়ে এবং ডিভোর্স নিয়েও তাঁর মুখে একাধিক বিতর্কিত মন্তব্য শোনা যায়।
বৃহস্পতিবার অধিবেশনের জিরো আওয়ার চলাকালীন লিভ ইন সম্পর্ক নিয়ে সওয়াল করেন হরিয়ানার বিজেপি সাংসদ। তিনি বলেন, “সমাজের নতুন রোগ হিসাবে উঠে আসছে এই লিভ ইন সম্পর্ক। পশ্চিমি দুনিয়ায় এই সম্পর্ক খুব জনপ্রিয় হলেও আমাদের সমাজে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”
শুধু লিভ ইন সম্পর্ক নয়, লাভ ম্যারেজের বিরুদ্ধেও এদিন সুর চড়ান বিজেপি সাংসদ। তাঁর মতে, প্রেম করে বিয়ে হলেই নাকি বিবাহবিচ্ছেদের প্রবণতা বাড়ে। সম্বন্ধ করে বিয়ে করলে ডিভোর্সের হার কম বলেই দেখা গিয়েছে। তাই বাবা-মায়ের সম্মতিতে বিয়ে হওয়াই উচিত। সাংসদের পরামর্শ, প্রেমের বিয়েতে বর ও কনের বাবা-মায়ের সম্মতি বাধ্যতামূলক করা উচিত।
লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন করে তার দেহের টুকরো ফ্রিজে রেখেছিল আফতাব। সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এদিন এই ঘটনার প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, কয়েকদিন আগেই শ্রদ্ধা ওয়াকার ও আফতাব পুনাওয়ালার ঘটনাও দেখেছি আমরা। তারা দুজনও লিভ ইন সম্পর্কে ছিল। তাঁদের কী পরিণতি হয়েছে সকলের কাছে পরিষ্কার।
কেন লিভ ইন সম্পর্ক ভাল নয়, এদিন সেবিষয়ে ব্যাখ্যাও করেন সাংসদ। তাঁর কথায়, লিভ ইন শুধু ভারতের সংস্কৃতিকে ধ্বংস করছে তাই নয়, সমাজে হিংসাও ছড়িয়ে দিচ্ছে। এরকম চলতে থাকলে ভারতীয় সংস্কৃতিও ধ্বংস হয়ে যাবে। তাই মন্ত্রীদের লিভ ইন সম্পর্কের বিরুদ্ধে আইন প্রণয়নের অনুরোধ করেছেন তিনি।