
অরবিন্দ কেজরিওয়াল এবং মনোজ তিওয়ারি - ফাইল চিত্র
শেষ আপডেট: 25 March 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। সাধারণ মানুষ, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের সদস্যরা, সকলেই রঙের উৎসবে সামিল হয়েছে। কিন্তু রাজধানী দিল্লির বিষয় একটু আলাদা। শাসক দল আম আদমি পার্টির জন্য এবারের দোল একেবারেই সুখকর নয়। হবেই বা কী করে? ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবশ্য বিরোধী দল বিজেপি চুটিয়ে দোল খেলছে। তাঁরা আবার খোঁচা দিয়েছে কেজরিওয়ালকেও।
গত বৃহস্পতিবার রাতে তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই দফায় দফায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছে আপ-এর কর্মী, সমর্থকরা। দেশের গণতন্ত্র বাঁচানোর এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলে ৩১ মার্চের ব়্যালিতে সকলকে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এরই মধ্যে দোলের আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কর্মসূচি করেছে বিজেপি নেতৃত্ব। সোমবার দলের দলের তরফে মনোজ তিওয়ারি ফের একবার কেজরিওয়ালকে নিশানা করেন।
হোলি উৎসব পালন করতে করতেই গান বেঁধেছিলেন মনোজ। দিল্লির মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে তিনি গাইতে থাকেন, ''কেউ খেলে রেলে, কেউ খেলে জেলে!'' এই খোঁচার আরও একটি কারণ রয়েছে। আসলে আম আদমি পার্টির তরফ থেকে ঘোষণা কড়া হয়েছিল যে, এবার তাঁরা দোল উৎসব পালন করবে না। দলের নেত্রী অতিশী জানিয়েছিলেন, রাত-দিন আপ নেতিবাচক শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। দোল শুধুমাত্র উৎসব নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় উদযাপন করা। সেই প্রেক্ষিতে তাঁরা দোল খেলবেন না এবার। এই ইস্যুতে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছে। আপ-এর দাবি, একজন নিষ্ঠুর শাসকের জন্য কেজরিওয়ালের মতো মানুষকে জেলে যেতে হয়েছে।
প্রসঙ্গত, রবিবার দোল উৎসবের প্রস্তুতিতে কেজরিওয়ালের ছবি লাগানো কুশপুতুল পুড়িয়েছে বিজেপি। একই সঙ্গে, তাঁর ইস্তফা দাবি করেছে বিজেপির কর্মীরা। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য ছিল, হোলি নেতিবাচক শক্তিকে হারানোর উৎসব। দিল্লিতে যদি দুর্নীতির কোনও মুখ থেকে থাকে সেটা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। প্রত্যেক দিল্লিবাসী চাইছে কেজরিওয়াল মুক্ত সরকার।