উত্তরপ্রদেশের মীরাটে পার্কিং নিয়ে বিবাদে বিজেপি নেতা বিকুল চাপরানা এক যুবককে রাস্তায় নাক ঘষতে বাধ্য করেন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 22 October 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং একজনকে দিয়ে রাস্তায় নাক ঘষিয়ে অপমান করার অভিযোগে মীরাটের এক স্থানীয় বিজেপি নেতাকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতার সেই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৯ অক্টোবর গভীর রাতে মীরাটের মেডিকেল থানার তেজগড়ী এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি কিষাণ মোর্চার জেলা সহ-সভাপতি বিকুল চাপরানা এবং তাঁর সঙ্গীরা দু'জন যুবককে হুমকি দিচ্ছেন এবং তাঁদের গাড়ির কাচ ভাঙছেন। আক্রান্ত যুবক দু'জনের মধ্যে একজন হাত জোড় করে ক্ষমা চাইছেন এবং মাথা নিচু করে রাস্তায় নাক ঘষছেন। অন্য একজন যুবককে তাঁকে গালি দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সোমেন্দ্র তোমরের কার্যালয়ের কাছেই পার্কিং নিয়ে বচসার জেরেই এই ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখে।
भाजपाई सत्ता के अहंकार में चूर होकर किसी को भी अपमानित करने से नहीं चूकते हैं।
भाजपाई न भूलें, एक न एक दिन हर दंभ का अंत होता है। pic.twitter.com/fW6ZVOLeQB— Akhilesh Yadav (@yadavakhilesh) October 21, 2025
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেন, তদন্তে জানা গেছে, পার্কিং নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। বিকুল চাপরানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত যুবক সত্যম রাস্তোগির ভাই আদিত্য রাস্তোগির অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল থানার SHO শৈলেশ কুমার। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে এই ঘটনা সামনে আসতেই বিরোধী দলগুলি বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ভিডিওটি শেয়ার করে লেখেন, "ক্ষমতার অহংকারে মত্ত বিজেপি কর্মীরা কাউকে অপমান করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। বিজেপি কর্মীরা ভুলবেন না, প্রতিটি অহংকারের শেষ একদিন না একদিন হয়।"
কংগ্রেস এই ঘটনাকে "বিজেপির আসল চেহারা" বলে মন্তব্য করেছে। তারা বলেছে, "বিকুল চাপরানা উত্তরপ্রদেশ পুলিশের সামনেই এই পুরো নাটক মঞ্চস্থ করেছেন এবং নিজের ক্ষমতা দেখাতে বড় বড় নাম ব্যবহার করেছেন। এই গুন্ডাকে গ্রেফতার করা উচিত।"
এই বিতর্কের মধ্যে প্রতিমন্ত্রী সোমেন্দ্র তোমর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিবাদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অন্যদিকে, বিজেপি-র জেলা সভাপতি শিবকুমার রানা জানিয়েছেন, পার্টি এমন আচরণ সমর্থন করে না এবং এই বিষয়ে রাজ্য ও আঞ্চলিক নেতৃত্বকে জানানো হয়েছে।