
শেষ আপডেট: 26 November 2023 19:47
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সনিয়া গান্ধী অভিযোগ করেছিলেন, নরেন্দ্র মোদী রাবার স্ট্যাম্প প্রধানমন্ত্রী। দেশ আসলে চালাচ্ছে আরএসএস।
রবিবার বিজেপিকে নিশানা করল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। তাঁকে 'রাবার স্ট্যাম্প সভাপতি' বলে পাল্টা দেগে দিল পদ্ম শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া রবিবার বলেন, 'খাড়্গেকে কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না। পাঁচ রাজ্যের ভোটের পোস্টার ব্যানারে তাঁর পাসপোর্ট সাইজ ছবি ছাপা হচ্ছে। কংগ্রেসের প্রচার জুড়ে শুধুই রাহুল গান্ধী।'
মালবিয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, 'দলে অসম্মানিত হতে হতে খাড়্গে মেজাজ হারাচ্ছেন। তিনি একজন রাবার স্ট্যাম্প সভাপতি।'
প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি রবিবার তেলেঙ্গানায় প্রচারে যান। সেখানে নির্বাচনী সভায় মেজাজ হারান তিনি। জনতার উদ্দেশে বলেন, 'শুনতে হয় শুনুন। না হলে বেরিয়ে যান। এখানে গোলমাল করবেন না।' জনতা আসলে মঞ্চের নেতাদের দেখতে না পেয়ে হট্টগোল করছিল।
মালবিয়ার বক্তব্য, 'খাড়্গের এই ধরনের উত্তেজিত প্রতিক্রিয়া আসলে হতাশার প্রতিফলন। দল তাঁকে মর্যাদা দিচ্ছে না। কারণ তিনি দলিত।'
দুদিন আগে প্রধানমন্ত্রী মোদীও নির্বাচনী সভায় বলেন, 'কংগ্রেসে ভাল নেই খাড়্গে। তিনি দলিত বলে দলে প্রাপ্য সম্মান পাচ্ছেন না।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'কংগ্রেসের পোস্টার, ফেস্টুনে খাড়্গের ছবি নেই। এই হল কংগ্রেস। তারা একজন দলিতকে সভাপতি করে অসম্মান করছে।'