
অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করলেন হরিয়ানার বিজেপি সরকার
শেষ আপডেট: 17 July 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: তিন-সাড়ে তিন মাস বাদে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ভোটের দিন ঘোষণার আগে রাজ্য সরকারের একাধিক বিভাগে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করলেন হরিয়ানার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নায়ব সিং সৈনী। এছাড়া, অবসরপ্রাপ্ত অগ্নিবীরেরা ব্যবসা করতে চাইলে সরকার বিনা সুদে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হরিয়ানা বিধানসভার আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজেপির শরিক দল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার জননায়ক জনতা পার্টি জোট ভেঙে চলে যাওয়ায় সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। কয়েক মাসের ব্যবধানে বিধানসভার ভোট থাকায় কংগ্রেস সেখানে সরকার গড়ার চেষ্টা করেনি। আগামী বিধানসভা ভোট বিজেপিকে একাই লড়াই করতে হবে।
মূল সেনা বাহিনীর মতো অগ্নিপথ স্কিমেও হরিয়ানার বহু ছেলেমেয়ে যোগ দিয়েছে। সেনা বাহিনীর চাকরিতে যোগদানের ঝোঁক ওই রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। অগ্নিপথ স্কিমে যেহেতু চার বছর পর ৭৫ শতাংশ জওয়ানকে বসিয়ে দেওয়া হয়, তাই হরিয়ানা সরকার অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ পদ পুলিশ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বাহিনীতে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল। এছাড়া অন্যান্য বিভাগে গ্রুপ সি ও ডি’র চাকরিতে অবসরপ্রাপ্ত অগ্নিবীরেরা বয়সের ছাড় পাবেন।
এখন ওই রাজ্যে কংগ্রেস কী করে সেটাই এখন দেখার। কংগ্রেস নীতিগতভাবে অগ্নিপথ স্কিমেরই বিরোধী। লোকসভা ভোটের ইস্তাহারে দল বলে, ক্ষমতায় এলে ওই স্কিম তুলে দেওয়া হবে।