কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Police Arrest)।

গ্রেফতার বিজেপি কাউন্সিলরের ছেলে
শেষ আপডেট: 2 January 2026 17:43
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সংসদীয় কেন্দ্র বারাণসীতে (Varanasi) কর্তব্যরত এক সাব-ইনস্পেক্টরের উপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি কাউন্সিলরের (BJP Councilor) পুত্র। অভিযুক্তের নাম হিমাংশু শ্রীবাস্তব। বৃহস্পতিবার সন্ধ্যায় চওক থানা এলাকার মণিকর্ণিকা ঘাট (Manikarnika) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত হুকুলগঞ্জের বিজেপি (BJP News) কাউন্সিলর ব্রিজেশচন্দ্র শ্রীবাস্তবের ছেলে। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Police Arrest)।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় তিন যুবক বাইকে করে ওই এলাকায় পৌঁছন এবং নিষেধাজ্ঞা অমান্য করে ‘নো ভেহিকল’ জোনেই বাইক রেখে দেন। তখন সেখানে দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর (Sub Inspector) অভিষেক ত্রিপাঠী তাঁদের বাইক সরিয়ে নিতে অনুরোধ করেন। সেই সময় তিন যুবকের মধ্যে এক জন নিজেকে কাউন্সিলরের ছেলে বলে পরিচয় দিয়ে এসআইকে হুঁশিয়ারি দেন।
এসআই ফের তাঁদের বাইক সরাতে বললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হঠাৎ করেই হিমাংশু শ্রীবাস্তব মারমুখী হয়ে ওঠেন এবং প্রকাশ্যে সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠীকে চড় মারেন। এই দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন স্থানীয় মানুষ অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাঁর উপর পাল্টা মারধর শুরু করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হিমাংশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাব-ইনস্পেক্টরের বয়ানের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীর উপর হামলার অভিযোগে মামলা রুজু করা হয়।
ডিসিপি গৌরব বনসওয়াল জানিয়েছেন, ঘটনার পর হিমাংশুকে আটক করে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শুরু হয় ‘নো ভেহিকল’ জ
জোনে মোটরবাইক পার্কিংকে কেন্দ্র করে। মণিকর্ণিকা ঘাট এলাকায় তখন বিপুল ভিড় থাকায় নিরাপত্তার কারণে বাইক চলাচল ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছিল।
এই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তকে ঘিরে স্থানীয় মানুষের ক্ষোভ চরমে পৌঁছয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন প্রায় ৪০-৫০ জনের একটি দল সেখানে জড়ো হয়ে ঝামেলা করার চেষ্টা করে। পরে হিমাংশুকে থানায় নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় আহত হিমাংশুকে পরে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে বারাণসী পুলিশ।