Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো তদন্ত সংস্থা খুলে প্রতারণা, দিল্লিতে গ্রেফতার বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

রবিবার গভীর রাতে একটি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভবনে হানা দেয়। অভিযুক্তরা সেখানে সরকারি সংস্থার মতো অফিস সাজিয়েছিল।

ভুয়ো তদন্ত সংস্থা খুলে প্রতারণা, দিল্লিতে গ্রেফতার বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের ছয় যুবক গ্রেফতার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 August 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানো বীরভূমের বিভাস অধিকারী এবার ধরা পড়লেন আরেক মামলায়। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নাম ভাঁড়িয়ে ভুয়ো ‘থানা’ খুলে প্রতারণা চালানোর অভিযোগে গৌতমবুদ্ধ নগর পুলিশের হাতে দিল্লি থেকে গ্রেফতার হন তিনি। শুধু বিভাস নন, এই ঘটনায় মোট ছয়জন ধরা পড়েছে পুলিশের জালে।

নয়ডার সেক্টর ৭০-এ ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র নামে চলছিল ভুয়ো অফিস। সরকারি আধিকারিক বলে পরিচয় ভাঁড়িয়ে, জাল কাগজপত্র, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও টাকা হাতানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

অভিযুক্তদের মধ্যে বিভাস ছাড়াও  নাম রয়েছে তার ছেলে আরঘ্য অধিকারী (বি.এ. এলএলবি), বাবুল চন্দ্র মণ্ডল, পিন্টু পাল (২৭), সম্পদ মাল (২৯) ও আশিস কুমারের (৫৭)। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

রবিবার গভীর রাতে একটি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেক্টর ৭০-এর বিএস-১৩৬ নম্বর ভবনে হানা দেয়। অভিযুক্তরা সেখানে এমনভাবে অফিস সাজিয়েছিল, যা দেখতে সরকারি সংস্থার মতো। দেওয়ালে ছিল পুলিশি ভবনের মতো রং, নকল সার্টিফিকেট - যার মধ্যে কিছু মন্ত্রক (তপশিলি জাতি কল্যাণ মন্ত্রক, আয়ুষ মন্ত্রক, সমাজকল্যাণ মন্ত্রক) এবং আন্তর্জাতিক সংস্থার (ইন্টারপোল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ইউরেশিয়া পোল) নামে জাল নথি। এমনকী তারা দাবি করত, ব্রিটেনেও তাদের একটি শাখা আছে।

এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর নাম উঠে এসেছিল। নলহাটি-২ ব্লকের শীতলপুর গ্রামপঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে তাঁর বাড়ি। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে তাঁর নাম উঠে আসে, এমনকী তাঁদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একসময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন বিভাস। নলহাটিতে তাঁর মালিকানাধীন একটি বিএড কলেজ রয়েছে, যার পাশে স্টাফদের থাকার জন্য কোয়ার্টারও আছে। নিয়োগ মামলায় তাঁকে একাধিকবার ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পর, ইডি কলকাতার কার্তিক বোস স্ট্রিটে বিভাসের ফ্ল্যাটে তল্লাশি চালায়, যেখানে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর অফিস ছিল। বিভাস ওই সংস্থার সভাপতি ছিলেন।

পরে তৃণমূল থেকে সরে এসে তিনি ‘সর্বভারতীয় আর্য মহাসভা’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাঁকে গ্রেফতার না করলেও, এবার অন্য এক প্রতারণা মামলায় পুলিশের জালে পড়লেন বিভাস অধিকারী।

পুলিশ জানিয়েছে, এই চক্র নিজেদের সরকারি কর্মচারী সাজিয়ে ওয়েবসাইট (www.intlpcrib.in) মারফত অনুদান তুলত এবং দরকারে অনলাইনে একাধিক নকল জাতীয় ও আন্তর্জাতিক সার্টিফিকেটের প্রমাণ দেখাত। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া গেছে একাধিক প্রেস আইডি, ভুয়ো মানবাধিকার পরিচয়পত্র ও অফিসিয়াল সিল, যা দিয়ে তারা প্রভাব খাটাত।

ডিসিপি (সেন্ট্রাল নয়ডা) বলেন, “আমরা একটি সুগঠিত প্রতারণা চক্র ধ্বংস করেছি। তারা পুলিশি চিহ্ন, নকল মন্ত্রকীয় নথি ব্যবহার করে মানুষকে ঠকাত। ঘটনাস্থল থেকে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে এবং জাল আইডি, সার্টিফিকেট, চেকবুক, এটিএম কার্ড, ভিজিটিং কার্ড, সাইনবোর্ড, মোবাইল ফোন এবং নগদ ৪২,৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।”

পুলিশের ধারণা, অফিস চালু হওয়ার পর মাত্র ১০ দিনেই তারা কয়েকজনকে টার্গেট করেছিল। তবে তদন্তে আরও ভুক্তভোগী ও সহযোগীর খোঁজ চলছে। এখন সকল অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।


```