ভাইরাল ভিডিও থেকে নেওয়া মুহূর্ত ও অভিযুক্ত ইউটিউবারের ছবি
শেষ আপডেট: 2 March 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় হতে কত কিছুই না করতে হয়। কিন্তু তা বলে রিলস (Reels) বানানোর নেশায় ট্রেনের যাত্রীকেই (Train Passenger) থাপ্পড় মারলেন এক ইউটিউবার (Youtuber)! বিহারের (Bihar) অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনের ঘটনা।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রীতেশ কুমার (Ritesh KUmar)। শুধুমাত্র রিলস করার জন্যই ট্রেনের কামরায় বসে থাকা ব্যক্তিকে সপাটে মারে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি ট্রেন। ট্রেনটি ছেড়ে যাওয়ার মুহূর্তে আচমকাই জানলার পাশে বসে থাকা অজ্ঞাতপরিচয় এক যাত্রীকে চড় মারে রীতেশ।
No compromise on passenger security !!
— RPF INDIA (@RPF_INDIA) February 27, 2025
A YouTuber who slapped a passenger on a moving train for social media fame has been tracked & arrested by #RPF Dehri-on-Sone! pic.twitter.com/4KckhrCyPy
Your safety matters to us—reckless acts will not be tolerated.#PassengerSafety #RPFAction… pic.twitter.com/2h00IQPTKj
যুবকের এমন কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেই ভারতীয় রেলকে ইউটিউবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপরই ভিডিও দেখে অভিযুক্ত রীতেশকে পাকড়াও করে রেলওয়ে পুলিশ ফোর্স।
পরিষ্কার জানান হয় এমন ঘটনার জন্য অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে। এরপর ক্ষমা চেয়ে নিজের প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করে রীতেশ। ভুল স্বীকার করে সে জানিয়েছে, এই ধরনের ভিডিয়ো পোস্ট করে ফলোয়ার বাড়াতে চেয়েছিল সে। অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে সে কারণেই চলন্ত ট্রেনে বসে থাকা একজন যাত্রীকে থাপ্পড় মারে। কিন্তু ভবিষ্যতে কখনওই এমন কাজ করবে না সে।
আরপিএফ-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে একজন যাত্রীকে চড় মারার অপরাধে একজন ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। তাই কোনও ধরনের বেপরোয়া কাজ বরদাস্ত হবে না।