
শেষ আপডেট: 12 October 2023 19:20
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেসের একাধিক বগি। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা শতাধিক। রাতভর উদ্ধারকাজ চালায় উদ্ধারকারী দল।
এই রেল দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুটও পাল্টে দেওয়া হয়েছে বলে খবর, রেল সূত্রে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের রুট ছোট করা হয়েছে। বিহারে দুর্ঘটনার পরই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের খবর জানানো হয়।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে---
পাটনা-পুরী স্পেশাল (০৩২৩০)
সাসারাম-আরা স্পেশাল (০৩৬২০)
ভাবুয়া রোড এক্সপ্রেস স্পেশাল (০৩৬১৭)
পাটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩২০৩)
পাটনা-বক্সার মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩৩৭৫)
একই ভাবে আজমির-ভাগলপুর ট্রেনটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি মধুপুর এবং আনন্দ বিহার সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল থাকছে। বাতিল থাকছে পিএনবিই-পুরী স্পেশাল সহ আরও কয়েকটি ট্রেন।
এছাড়াও আরও কয়েকটি ট্রেনকে অন্য রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-মধ্য রেলওয়ে। দিল্লি - কামাখ্যা এক্সপ্রেস, কলকাতা-নাগাল ড্যাম সাপ্তাহিক এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, কলকাতা-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেসকে, পুনে-দানাপুর সুপার ফাস্ট এক্সপ্রেস, পাটালিপুত্র সুপারফাস্ট এক্সপ্রেস, ভাগলপুর গরিব রথ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। আহতদের বগি থেকে উদ্ধার করে বের করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।