
শেষ আপডেট: 3 July 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: মাথার গেরুয়া পাগড়িটি বুধবার অযোধ্যায় রামলালার চরণে নিবেদন করেছেন বিহারে বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। তার আগে মাথা কামিয়ে সরযূ নদীতে স্নান করে হনুমানগড়ি মন্দিরে পুজো দিয়েছেন। এ সবই পূর্ব ঘোষিত। কিন্তু বিচিত্র সমীকরণে সম্রাটের সিদ্ধান্তে ফের চর্চা শুরু হয়েছে 'পাল্টু রাম' নীতীশ কুমারকে নিয়ে।
গত ২৮ জুন পাটনার রাজভবনে নীতীশ কুমার নবম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিনেই বিজেপির রাজ্য সভাপতি সম্রাটকে বলেছিলেন, কী ব্যাপার! আপনি তো আমারই মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে এসেছেন। এখনও পাগড়ি মাথায় কেন? মুচকি হেসে সেদিন জবাব এড়িয়ে যান সম্রাট।
তারপর একাধিক সরকারি অনুষ্ঠানে, মন্ত্রিসভার বৈঠকে নীতীশ জানতে চেয়েছেন, পাগড়ি ছাড়ছেন কবে? সম্রাট আজ ছাড়ব, কাল ছাড়ব বলে জবাব এড়িয়ে গিয়েছেন।
আসলে সম্রাট পাগড়ি পরে থাকায় অস্বস্তি বাড়ছিল নীতীশের। কারণ নীতীশকে মুখ্যমন্ত্রীর গদি ছাড়া করার পণ করে মাথায় পাগড়ি পরা শুরু করেছিলেন সম্রাট। ঘোষণা করেন, যতদিন পর্যন্ত না নীতীশকে গদি ছাড়া করতে পারছেন ততদিন পাগড়ি খুলবেন না।
#WATCH | Uttar Pradesh | Bihar deputy CM & BJP state president Samrat Choudhary takes a holy dip in river Saryu, in Ayodhya. There he devoted his turban as well. pic.twitter.com/TeMuh9pNR1
— ANI (@ANI) July 3, 2024
২২ মাস আগে বিজেপির রাজ্য সভাপতি সম্রাট যখন পাগড়ি রাজনীতি শুরু করেন, নীতীশ তখন লালুপ্রসাদের দল আরজেডির সমর্থনে সরকার চালাচ্ছেন। অমিত শাহের নির্দেশে নীতীশকে নাস্তানাবুদ করতে একের পর এক কর্মসূচি নিয়েছে বিহার বিজেপি। বস্তুত কম বয়সি সম্রাটকে এই কারণে রাজ্য সভাপতি পদে বেছে নেন মোদী-শাহরা।
সেই নীতীশই গত ২৮ জানুয়ারি ফের বিজেপির হাত ধরেছেন। সেই থেকে চর্চা আর উপহাসের পালা চলছিল, যাঁকে সরাতে পণ করেছিলেন সম্রাট তিনিই এখন গলা জড়িয়ে আছেন। উপ মুখ্যমন্ত্রী কি নীতীশকে সরিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন। তাই কি পাগড়ি ত্যাগ করছেন না। অবশেষে জল্পনার অবসান হল বুধবার। তবে বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষের তীব্র উপহাস, কটাক্ষের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী।