.webp)
শেষ আপডেট: 1 January 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: ইংরিজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে হ্যালো, নমস্কার না বলে জয় শ্রীরাম, জয় সিয়ারাম বলতে রাজ্যবাসীর প্রতি আর্জি জানিয়েছে বিহার বিজেপি।
দলের রাজ্য কমিটির বৈঠকে এই মর্মে প্রস্তাব গ্রহণ করেছে বিহার বিজেপি। দলীয় সূত্রের খবর, বিহার বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ ঠাকুর রাজ্য কমিটির বৈঠকে এই মর্মে লিখিত প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবে প্রথম সায় দেন রাজ্য সভাপতি রাজীব চৌধুরী।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাম ভারতের দেবতা। তাঁর নামে সম্মোধন, শুভ কামনা প্রত্যাশা করা ভারতীয় ঐতিহ্য।
প্রসঙ্গত, জয় শ্রীরাম বিজেপির রাজনৈতিক স্লোগান। উত্তর ভারতের মানুষ কথায় কথায় রাম রাম অথবা জয় সিয়ারাম বা সীতারাম বলে থাকেন। বিজেপি চাইছে তারা জয় শ্রী রামও বলুন।
জগন্নাথ ঠাকুর বলেন, ১৫ জানুয়ারি থেকে বিজেপির বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সকলকে বলা হবে বাড়িতে রামের পুজো করতে। পুজোর সামগ্রী বিজেপি বাড়ি বাড়ি বিলি করবে। ২২ তারিখের পর সুবিধামত দিনে ট্রেন বোঝাই করে রাম ভক্তদের অযোধ্যা নিয়ে যাওয়া হবে। যাতায়াত, থাকা খাওয়ার খরচ রাজ্য বিজেপি বহন করবে।
গত শনিবার অযোধ্যায় বিমান বন্দর উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে আর্জি জানান, ২২ তারিখ বিনা আমন্ত্রণে অযোধ্যা না যেতে। ভিড় এড়াতে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কারণ, মন্দির নির্মাণ কমিটি সাড়ে সাত হাজার মানুষকে আমন্ত্রণ জানিয়েছে। এর সঙ্গে অতিথিদের নিরাপত্তা রক্ষী ধরলে উপস্থিত মানুষের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করছে প্রশাসন।