.webp)
স্বাতী মালিওয়াল, বিভব কুমার ও অরবিন্দ কেজরিওয়াল।
শেষ আপডেট: 18 May 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: স্বাতী মালিওয়ালকে শ্লীলতাহানি, মারধর, হেনস্তায় অভিযুক্ত বিভব কুমারকে আটক করল পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও ছিলেন।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে রাঘব চাড্ডা ছাড়াও ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী অভিযুক্ত বিভব কুমার। তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার বলেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনই বিভব কুমারকে দিল্লির তিসহাজারি আদালতে তোলা হবে। স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনার প্রতিক্রিয়ায় শনিবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, একজন অপরাধী বিভব কুমারকে আস্তানা দিচ্ছেন একজন মুখ্যমন্ত্রী! অরবিন্দ কেজরিওয়ালের ছাতার তলায় নিশ্চিন্তে ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী। কারণ, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
গ্রেফতারির ঘটনায় বিভব কুমারের আইনজীবী জানিয়েছেন, তাঁকে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বলেন, পুলিশকে আমরা মেল করে জানিয়েছি, আমার মক্কেল সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। চোখের চিকিৎসা করে দেশে ফিরে এদিন কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁপরে পড়ে যান দলের আর এক নেতা রাঘব চাড্ডা। বিভব কুমারকে পুলিশ নিয়ে যাওয়ার পর রাঘব সিভিল লাইনস থানায় পৌঁছে গিয়েছেন।