
শেষ আপডেট: 25 March 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্য সফরে বেরিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যের উত্তর প্রান্তের মুসলিম বহুল আসনগুলিতে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার উত্তর কেরলের মাল্লাপুরমের সভায় কেরলের মুখ্যমন্ত্রী বলেন, আরএসএস ও বিজেপির নেতারা ‘ভারতমাতা কি জয়’ বলে ধ্বনী দেন। তাঁরা কি জানেন, এই স্লোগান প্রথম দিয়েছিলেন এক মুসলিম। তাঁর নাম আজিমুল্লা খান।
গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ তুলে বিজয়ন আরও বলেন, যেহেতু স্লোগানটি প্রথম একজন মুসলিমের কণ্ঠে উচ্চারিত হয়েছিল তাই জানতে চাই সঙ্ঘ পরিবার, বিজেপির নেতারা ‘ভারত মাতা কি জয়’ বলা কি বন্ধ করে দেবেন?
বিজয়ন বলেন, জয়হিন্দ কথাটিও প্রথম উচ্চারিত হয়েছিল এক মুসলিমের গলায়। তিনি ছিলেন একজন কূটনীতিক। মাল্লাপুরমের জনসভায় কেরলের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মুসলিমের কণ্ঠে প্রথম উচ্চারিত জয়হিন্দ কথাটিও কি আরএসএস নেতারা বলা বন্ধ করে দিতে পারবেন।
তাঁর বক্তব্য, মুসলিমরা এ দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-প্রযুক্তিতে যে অবদান রেখেছে সঙ্ঘ পরিবার তা মানতে চায় না। স্বাধীনতার লড়াইয়েও সংখ্যালঘুদের অবদান ভোলার নয়।
কেরল সিপিএম লোকসভা ভোটের প্রচারের পাশাপাশি সিএএ বিরোধী বড় সমাবেশ করারও পরিকল্পনা নিয়েছে। তামিলনাড়ুর মতো কেরল সরকারও ঘোষণা করেছে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা হবে না।
ওই আইনের বিরুদ্ধে রাজ্যের চার প্রান্তে চারটি মেগা সমাবেশের আয়োজন করছে দল। তার একটিতে সোমবার বিজয়ন বলেন, উপনিষদকে ফারসিতে অনুবাদের ব্যবস্থা করেছিলেন মোঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ। অথচ সঙ্ঘ পরিবার ও বিজেপি নেতারা কথায় কথায় মুসলিমদের পাকিস্তান চলে যেতে বলেন।