
অশান্ত মণিপুর প্রসঙ্গে মন্তব্য বাইচুংয়ের
শেষ আপডেট: 4 December 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো : অশান্তির আগুনে এখনও তেতে আছে গোটা মণিপুরে। প্রায় একবছর ধরে মণিপুরের জিবিরাম এলাকা কুকি-মেইতেই গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে। লাশের মিছিল দীর্ঘ হয়েছে, সম্পত্তি নষ্টের পাশাপাশি একাধিক দোকানপাট ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক বাইচুং ভুটিয়া।
বুধবার (৪ ডিসেম্বর) ষষ্ঠ হিমালয়ান অরেঞ্জ টুরিজ্যম ফেস্টিভালে এসেছিলেন বাইচুং। সেখানেই মণিপুরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, 'বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। আশা করব, সরকার এই ব্যাপারটা আরও দায়িত্ব নিয়ে দেখবে। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনও না হয়, সেদিকেও নজর রাখতে হবে।'
সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয়, ভারতীয় হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। দেশের পতাকা, দেশের সম্মান নিয়ে যেন এমন লজ্জাজনক পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। আমাদের দেশ অনেক বড়। সেই দায়িত্বটা আমাদেরই গ্রহণ করতে হবে। পাশাপাশি আশা করব, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।'
প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে মণিপুরে হিংসা ছড়াতে শুরু করে। সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেলেও, সেই হিংসার আগুন নেভেনি। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। কেন্দ্রের তরফেও হিংসা মেটাতে হস্তক্ষেপ করা হলেও, সমস্যা মেটেনি।
বাইচুংয়ের কথায়, 'মণিপুরের বিক্ষোভ সাম্প্রদায়িক ঘটনা। শান্তি ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যথাযোগ্য পদক্ষেপ করা হচ্ছে। আমার মতে, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদেরও এগিয়ে আসতে হবে।'
শেষে তিনি আরও বললেন, 'মণিপুর আক্ষরিক অর্থেই একটি সুন্দর রাজ্য। এই রাজ্য থেকে শুধুমাত্র একাধিক ক্রীড়া ব্যক্তিত্বই উঠে আসেননি। ট্যুরিজমের দিক থেকেও এই রাজ্যের গুরুত্ব অপরিসীম। আশা করব, শীঘ্রই মণিপুর স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।'