এক বার্তায় নেতানিয়াহু জানান, ভারত–ইজরায়েল সম্পর্কের গভীরতা এবং দুই দেশের জাতীয় নিরাপত্তা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে মোদীর সঙ্গে। তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্বের 'অসীম সম্ভাবনা' কাজে লাগানোর বিষয়ে কথা হয়েছে এবং সেই আলোচনা সামনাসামনি এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

বেঞ্জামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 8 January 2026 09:01
দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। বুধবার দুই নেতার ফোনালাপের পর নেতানিয়াহুর এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, গত বছরের শেষ দিকে বাতিল হওয়া তাঁর ভারত সফর (Netanyahu India Tour) কি এবার পুনর্নির্ধারিত হতে চলেছে?
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় নেতানিয়াহু জানান, ভারত–ইজরায়েল সম্পর্কের (India Israel Relations) গভীরতা এবং দুই দেশের জাতীয় নিরাপত্তা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে মোদীর সঙ্গে। তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্বের 'অসীম সম্ভাবনা' কাজে লাগানোর বিষয়ে কথা হয়েছে এবং সেই আলোচনা সামনাসামনি এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তবে বৈঠক কোথায় ও কবে হতে পারে, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এক্স-এ জানান, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভারত–ইজরায়েল কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে কথা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থান নিয়েও মত বিনিময় হয়েছে বলে জানান তিনি।
Glad to speak with my friend, Prime Minister Benjamin Netanyahu and convey New Year greetings to him and the people of Israel. We discussed ways to further strengthen the India-Israel Strategic Partnership in the year ahead.
We also exchanged views on the regional situation and…— Narendra Modi (@narendramodi) January 7, 2026
প্রধানমন্ত্রীর দফতরের (PMO) বিবৃতিতে জানানো হয়েছে, গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন নেতানিয়াহু। বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখযোগ্যভাবে, ভারত দীর্ঘদিন ধরেই ইজরায়েল–প্যালেস্টাইন সমস্যার ক্ষেত্রে ‘টু-স্টেট সলিউশন’-এর পক্ষে, যা নেতানিয়াহু সরকারের অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলে না। তবু দুই দেশ সন্ত্রাসবিরোধী লড়াই ও নিরাপত্তা সহযোগিতাকে সম্পর্কের মূল স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে।
গত চার মাসে এই নিয়ে তিনবার ফোনে কথা হল মোদী ও নেতানিয়াহুর। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, নেতানিয়াহু ২০২৫ সালের এপ্রিল ও সেপ্টেম্বর - দু’বারই ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে সেই সফর পিছিয়ে যায়। নভেম্বর মাসে দিল্লি সফর বাতিল নিয়ে ওঠা নিরাপত্তা-সংক্রান্ত জল্পনাও খারিজ করেছিলেন নেতানিয়াহু, জানিয়েছিলেন, নতুন তারিখ নিয়ে আলোচনা চলছে।
এর মধ্যেই দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত। নভেম্বর মাসে ইজরায়েল সফরে গিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা শুরু করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ডিসেম্বরে ইজরায়েল যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাস দমন এবং গাজা শান্তি পরিকল্পনার বাস্তবায়ন - দু’টিই উঠে আসে।