
শেষ আপডেট: 20 March 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: কখনও জলসঙ্কট, আবার কখনও যানজটে নাজেহাল বেঙ্গালুরু। এবার দক্ষিণ ভারতের এই প্রযুক্তি শহরের শিরোনামে উঠে এল এক অদ্ভূদ অভিযোগ। জানলা খুলে ভালোবাসায় মত্ত হয়েছেন এক দম্পতি। প্রতিবেশীর এহেন ব্যবহারে বিরক্ত এক মহিলা। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগকারিনী বেঙ্গালুরুর অভলাহাল্লির বাসিন্দা। বেঙ্গালুরুর গিরিনগর থানায় প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে জানলা খুলে রোম্যান্সে মত্ত হওয়ার অভিযোগ করেছেন বছর ৪৪-এর ওই মহিলা। তাঁর অভিযোগ, পাশের বাড়ির এক দম্পতি জানলা খুলে ঘনিষ্ঠ হয়ে পড়েন। এমন আচরণে নাজেহাল তিনি। যা তাঁর পরিবারকে প্রায়ই বিড়ম্বনায় ফেলে।
এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ, পরিবারের অস্বস্তি এবং বিড়ম্বনার কথা জানালে ওই দম্পতি তাঁকে হুমকি দেন। পুলিশের দ্বারস্থ হওয়ার আগে অভিযোগকারিনী তাঁর বাড়ির মালিককে বিষয়টি জানান। কিন্তু তাঁর কথায় সহমত হননি বাড়ির মালিক চিকান্না এবং তাঁর ছেলে মঞ্জুনাথ। উল্টে তাঁরা সংশ্লিষ্ট দম্পতিরই পক্ষ নেন। একইসঙ্গে মহিলা ও তাঁর পরিবারের সঙ্গে রূঢ় ব্যবহার করেন বলেও অভিযোগ। শেষমেশ বাধ্য হয়েই তিনি থানায় এসেছেন বলে দাবি করেন।
পুলিশ ওই মহিলার অভিযোগ নথিভুক্ত করেছে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত দম্পতির উপর ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬, ৫০৯ এবং ৩৪-এর ধারা যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।