
বুধবার অভিযান চালিয়ে দশ জনকে পাকড়াও করল পুলিশ
শেষ আপডেট: 10 October 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো পরিচয়পত্র, জাল পাসপোর্ট নিয়ে থাকছিলেন পাকিস্তানের ১০ নাগরিক। বেঙ্গালুরু থেকে তাঁদেরও গ্রেফতার করল পুলিশ। এখনও অবধি গ্রেফতার হওয়া পাক নাগরিকের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৮।
বেশ কিছুদিন ধরেই ভুয়ো কাগজপত্র যেমন আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি নিয়ে বেঙ্গালুরুতে থাকছিলেন এই ১০ পাক নাগরিক। এই খবর জানাজানি হয় পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর। তিনিই যাবতীয় ভুয়ো কাগজ বানিয়ে দিতেন। এর পাশাপাশি অনুপ্রবেশকারীদের সহায়তাও করতেন তিনি।
এই গ্রেফতারির খবর জানিয়ে পুলিশ বলেছে, পারভেজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই অনেকের নাম উঠে আসে যাঁরা ভুয়ো পরিচয়ে শহরে থাকছিলেন।
সেই মতোই ক'দিন আগে জিগানি থেকে চারজন এবং পিনিয়া থেকে আরও চার অর্থাৎ মোট আটজনকে গ্রেফতার করা হয়।
বুধবার অভিযান চালিয়ে আরও দশ জনকে পাকড়াও করল পুলিশ। এরকম একাধিক পাকিস্তানের নাগরিক ভুয়ো পরিচয় নিয়ে থাকছেন বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
তাঁদের খোঁজও চালানো হচ্ছে। গোটা ব্যাপারটাই একটা চক্র বলে মনে করছেন তাঁরা। আরও কেউ এই চক্রে জড়িত কিনা, থাকলেও কতদূর সেই জাল বিছিয়ে আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।