
ধৃত মোহন কুমার
শেষ আপডেট: 7 December 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত ছবি, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমিকার থেকে কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ উঠল ২২ বছরের এক যুবকের বিরুদ্ধে। তাঁর নাম মোহন কুমার এবং সে বেঙ্গালুরুর বাসিন্দা। ইতিমধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
প্রেমিকার সঙ্গে একাধিক জায়গায় ঘুরতে গিয়ে নিজেদের ঘনিষ্ঠ অবস্থার ছবি, ভিডিও তুলেছিল মোহন। সেগুলিই পরে প্রেমিকাকে দেখিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এইভাবে প্রায় আড়াই কোটি টাকা প্রেমিকার থেকে নিয়েছে সে বলে জানতে পেরেছে পুলিশ। দীর্ঘ কয়েক মাস ধরে ব্ল্যাকমেল করে এই টাকা নিয়েছে মোহন।
পুলিশি তদন্তে উঠে এসেছে, বোর্ডিং স্কুলে একসঙ্গে দুজনে পড়াশোনা করত। তবে গ্র্যাজুয়েশনের পর আর কোনও সম্পর্ক ছিল না তাঁদের। কিন্তু কয়েক বছর পর আবার মোহনের সঙ্গে ওই তরুণীর দেখা হয়। এরপরই প্রেম করতে শুরু করে তাঁরা। শহরে নানা জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতেই গেছিল তাঁরা। সেখানে গিয়েই ঘনিষ্ঠ সময়ের ছবি তুলেছিল মোহন। বলেছিল, নিজেদের স্মৃতির জন্যই রাখছে। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল মোহন।
বেশকিছু ছবি এবং ভিডিও তোলার পর আচমকাই নিজের প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে মোহন। ধাপে ধাপে তাঁর থেকে টাকা চাইতে শুরু করে। ছবি-ভিডিও ফাঁস করে দেবে এই ভয়ে মোহনকে টাকা দেওয়া শুরু করে ওই তরুণী। প্রথমে নিজের ঠাকুমার অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা মোহনকে দেয় সে। এরপর কয়েক মাসের মধ্যে আরও ১.৩২ কোটি টাকা তাঁকে ট্রান্সফার করে ওই তরুণী।
এখানেই শেষ নয়। টাকা পাওয়ার পরও ব্ল্যাকমেল করা ছাড়েনি মোহন। এবার সে দামি ঘড়ি, গাড়ি, জামাকাপড় চাইতে শুরু করে। এবার আর চুপ করে থাকতে পারেনি তরুণী। অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করে সে। তদন্ত শুরু করে সম্প্রতি মোহনকে গ্রেফতার করেছে পুলিশ। তার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারও করা হয়েছে।