
বেঙ্গালুরু অতিবৃষ্টি জলমগ্ন রাস্তা।
শেষ আপডেট: 3 June 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো: মাস দেড়-দুই আগেও ভয়ঙ্কর জলকষ্টে ভুগছিল বেঙ্গালুরু। কিন্তু, গতকাল, রবিবার একদিনের বৃষ্টিতে ১৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল কর্নাটকের রাজধানী। এর আগে ১৮৯১ সালের ১৬ জুন বেঙ্গালুরুতে একদিনে ১০১.৬ মিমি বৃষ্টি হয়েছিল। বেশ কয়েক সপ্তাহ নির্জলা কাটানার পর রবিবার একদিনে ১৩৩ বছরের রেকর্ডকে জলে ভাসিয়ে দিল প্রকৃতি।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলে সক্রিয় হওয়ার পর এটাই প্রথম বর্ষণ ছিল বেঙ্গালুরুতে। জুন মাসে শহরে এত বৃষ্টিপাত হয়নি গত ১৩৩ বছরের মধ্যে। দেশের মৌসম ভবনের তথ্য অনুসারে, রবিবার বেঙ্গালুরুতে একদিনে ১১১.১ মিমি বৃষ্টিপাত হয়েছে।
এমনিতে জুন মাসে বেঙ্গালুরুতে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১০৬.৫ মিমি। রবিবার দিনটা সেই রেকর্ডকেও পেরিয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে রবিবার ছুটির দিন হলেও সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে দেশের তথ্যপ্রযুক্তির রাজধানী। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়। ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে-র (বিবিএমপি) কাছে প্রায় ২৮৫টি অভিযোগ এসেছে। তার মধ্যে অধিকাংশই হল গাছ পড়ে অথবা বড় বড় ডাল ভেঙে ছোটবড় রাস্তা বন্ধ, গাড়ির উপর গাছের ডাল ভেঙে পড়া, পাঁচিল ধসে পড়া ইত্যাদি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, একদিনে শহরে ২০৬টি গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন রাস্তায় জল জমে তা চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। বেঙ্গালুরু লাগোয়া এলাকার কোথাও কোথাও এখনও জমা জল নামেনি। শহরে গত দুদিনে নজিরবিহীনভাবে ১৪০.৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। ৫ জুন পর্যন্ত এই পরিস্থিতি চলবে। ফের ৮ ও ৯ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।