ফাইল ছবি
শেষ আপডেট: 19 February 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: অন্য কাজে ব্যবহার নয়। শুধুমাত্র খাওয়ার জন্যই ব্যবহার করা যাবে পানীয় জল। আর নিয়ম ভাঙলেই হবে বড়সড় শাস্তি। অপরাধের জন্য দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। বেঙ্গালুরুতে জারি হল এমনই নির্দেশ। জানা গিয়েছে, পানীয় জলের সংকট মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক বছরে জলসঙ্কট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেঙ্গালুরুতে। এমনিতেই গরম পড়তে না পড়তেই জলের সংকট শুরু হয়ে যায়। গত বছরেও ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ করে প্রশাসন। কিন্তু তার পরেও জলের অপচয় বন্ধ হয়নি। এবার আরও কড়া পদক্ষেপ করল ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড।
অভিযোগ, অনেকেই পানীয় জল গৃহস্থালির নানা কাজে ব্যবহার করেন। এ ছাড়াও গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, নির্মাণকাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়। এ বার থেকে এ সব কাজ করা যাবে না।
যদি কেউ নির্দেশ অমান্য করেন, তা হলে তাঁকে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তার পরেও যদি কেউ নির্দেশ লঙ্ঘন করেন, তা হলে প্রতি দিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে।
বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর জানিয়েছেন, পানীয় জল শুধুমাত্র খাওয়ার জন্যই ব্যবহার করা যাবে। এই পানীয় জল অপচয় করলে বা অন্য কাজে ব্যবহার করা হবে নাগরিকদের জরিমানা করা হবে।