
শেষ আপডেট: 24 April 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার একদিন পরই জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে উধমপুর জেলার বসন্তগড় এলাকাতেও শুরু হয় এনকাউন্টার। শহিদ হন এক ভারতীয় সেনা। তিনি বাংলার নদিয়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে।
সকালে প্রথমে ওই জওয়ানের পরিচয় পাওয়া যায়নি। পরে সেনার হোয়াইট নাইট কোর-এর তরফে জানানো হয়, তাঁর নাম ঝন্টু আলি শেখ, ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন। গুলির লড়াই চলাকালীন গুলি লাগে তাঁর শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
Havaldar Jhantu Ali Sheikh of 6 Para SF, Indian Army martyred today during encounter between army & militants in Udhampur. He hailed from Patharghata village in Krishnanagar Lok Sabha constituency. God bless his brave soul. pic.twitter.com/0gpVWhBeNA
— Mahua Moitra (@MahuaMoitra) April 24, 2025
হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।' তাঁরা জানান, গুলির লড়াই এখনও চলছে দুধু-বসন্তগড় অঞ্চলে।
এনিয়ে কিছুক্ষণ আগে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনিই প্রথম জানান এই খবর। লেখেন, 'কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। অমর রহে।'
জনপ্রিয় পর্যটন কেন্দ্র, পহেলগামের বৈসরনে গুলি করে ২৬ জনকে খুন করা হয়। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। এই হামলায় জখম হয়েছেন অনেকেই। এর পর থেকে উপত্যকার আনাচকানাচে শুরু হয়েছে তল্লাশি, চলছে দফায় দফায় এনকাউন্টার। তাতেই এবার প্রাণ গেল সেনার। জানা গেছে, পাল্টা মুখতোড় গুলি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।