
প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 April 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের বিউটিশিয়ানকে চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা। আটকাতে গেলে গলায় ছুরির কোপ। ধর্ষণের চেষ্টা করা হয় তাঁর বোনকেও। ঘটনায় মৃত্যু হয়েছে তরুণীর। গাড়িটিও পরে দুর্ঘটনার কবলে পড়ে। এপর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজ ১।
২৬ বছর বয়সি ওই বিউটিশিয়ানকে সুধাংশু নামে এক ব্যক্তি একটি বিয়েতে মেহেন্দি পরানোর জন্য বুক করেছিলেন। তরুণী তাঁর বোনকে নিয়ে মেহেন্দি পরাতে যান। তাঁদের বাড়িতে গাড়ি পাঠান সুধাংশু। কাজ শেষ করতে রাত হলে সুধাংশুই বাড়ি ফিরিয়ে দেওয়ার নামে দুই বোনকে গাড়িতে তোলেন। যদিও সেখানে সুধাংশু ছিলেন না। ছিলেন অজয়, বিকাশ ও আদর্শ নামের তিন যুবক।
এবার এলাকা ছাড়ার পর চলন্ত গাড়িতে ওই দুই জনের ওপর চড়াও হন তিন যুবক। ধর্ষণের চেষ্টা করা হয়। আটকাতে গেলে বিউটিশিয়ানের গলা কেটে দেওয়া হয়। তাঁর মৃত্যু হয়। মৃতার বোনের অভিযোগ, 'ওরা চলন্ত গাড়িতে দিদির ও আমার উপর যৌন হেনস্থা করার চেষ্টা করে। আমার দিদি বাধা দিলে, অজয় নামের একজন ওর গলায় ছুরি মারে।'
গাড়ির ভিতরে ধস্তাধস্তি চলার সময় সেটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুই বোনই গাড়ির নীচে আটকে পড়েন। আশপাশের গ্রামবাসীরা তাঁদের চিৎকার শুনে এসে উদ্ধার করেন। ততক্ষণে তিন অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান। পালানোর আগে, মৃতার বোনকে হুমকি দেন—যদি তিনি পুলিশকে সব জানান, তাহলে তাঁরা গোটা পরিবারকে শেষ করে দেবেন।
এই ঘটনা শুনে বিউটিশিয়ানের স্বামী বান্ঠরা থানার দ্বারস্থ হন। দায়ের করেন অভিযোগ। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই মামলায় ইতিমধ্যে বিকাশ ও আদর্শকে গ্রেফতার করেছে পুলিশ এবং অজয় এখনও পলাতক।
দ্রুত তাঁকেও খুজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন এডিসিপি বিকাশ পাণ্ডে।