
ফাইল ছবি
শেষ আপডেট: 17 March 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক বন্ধ চারদিন। স্বাভাবিকভাবেই গ্রাহকদের চূড়ান্ত দুর্ভোগের মুখোমুখি হতে হবে। ব্যাঙ্ক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই এটিএমগুলিতেও টাকা ফুরিয়ে যায়। ফলে তেমনটা হলে হয়রানির শেষ থাকে না। তেমনই পরিস্থিতির মুখোমুখি হতে হবে এ সপ্তাহের শেষ থেকেই। সৌজন্যে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের ডাক।
ব্যাঙ্ক কর্মীদের সংযুক্ত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) আগামী ২৪ ও মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার পর্যন্ত ধর্মঘটের বিষয়ে তারা অনড় থাকায় গ্রাহকরা চরম হেনস্তার মুখে পড়তে চলেছেন। কারণ, আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার। এবং ২৪ ও ২৫ মার্চ সোম ও মঙ্গলবার। ফলে টানা চারদিন বন্ধ থাকার সম্ভাবনা ব্যাঙ্ক।
ইউএফবিইউ জানিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে মীমাংসা আলোচনা ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটের পথেই অটল থাকছে। সংগঠনের মূল দাবিগুলি মেনে নেওয়ার ব্যাপারে অস্বীকৃত হওয়ায় ধর্মঘটের দিন বদল হচ্ছে না। ইউনিয়নের দাবিগুলি ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দ্রুত কর্মী নিয়োগ করা, ব্যাঙ্কে আউটসোর্সিং কাজ বন্ধ করা এবং সপ্তাহে পাঁচদিন কর্মদিবস চালু করা। আলোচনায় এই মূল দাবিগুলি নিয়ে সমঝোতা না হওয়ায় ধর্মঘট হবেই বলে জানান ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজের সাধারণ সম্পাদক।
ইউএফবিইউ হচ্ছে ৯টি ব্যাঙ্ক সংগঠনের যৌথ মঞ্চ। সংগঠনের তরফে জানানো হয়েছে, বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে ও সংকুচিত কর্মী পরিবেশের চাপ কমাতে এই মুহূর্তে কর্মী নিয়োগ জরুরি। সংগঠনের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ২ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। এছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় ফিনান্সিয়াল সার্ভিসেসের জারি করা নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি তুলেছে সংগঠন। ওই নির্দেশিকায় কর্মদক্ষতার পর্যালোচনা ও কর্মদক্ষতা ভিত্তিক পারিতোষিক ঘোষণার কথা বলা আছে। সংগঠন কর্তাদের দাবি, এতে চাকরির নিশ্চয়তা কমে যাবে ও নতুন কর্মচারী নিয়োগের সম্ভাবনাও কমে আসবে।