
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 December 2024 09:42
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘু নিপীড়নের যে অভিযোগ উঠেছে তা নিয়ে ভারতেও বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। ১০ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বৈঠক করবেন তিনি এমন খবর। কিন্তু এই সফর কি আদৌ হচ্ছে?
বাংলাদেশ বলছে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনও পদস্থ আধিকারিক এই দেশে পা রাখবেন। একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, এই বৈঠক বা সফর সম্পর্কে নয়াদিল্লি নীরব। ভারতের তরফে সরকারিভাবে এই নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তাই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বিদেশ সচিবের সফর নিয়ে।
ওপার বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত জোরালো ভাষায় আক্রমণ করেছে ইতিমধ্যে। সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করলেও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে নয়াদিল্লির অভিযোগ। তাই চলতি পরিস্থিতিতে বিদেশ সচিবের ঢাকা সফর বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের বিদেশ সচিবের সফর হচ্ছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর উগ্র ইসলামপন্থীদের হামলা, হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার ঘটনায় ভারত জুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। শাসক দল বিজেপির পাশাপাশি কংগ্রেস সহ একাধিক বিরোধী দলও সুর চড়িয়েছে। কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে একাধিক সংগঠন। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে চাল-ডাল-তেল-নুন-ডিম-আলু-পিঁয়াজ রফতানি বন্ধ রাখার দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ বৈঠক হলে তা যে ভীষণরকম তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।
তবে নয়াদিল্লি এখনও চলতি মাসে বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে চূড়ান্ত কথা দেয়নি। এখন দেখার, বাংলাদেশের দাবি শুনে কী জবাব দেয় মোদী সরকার।