
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10 April 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: শরবতের প্রচার করতে গিয়ে ধর্ম নিয়ে টানাটানি। ফের বিতর্কে বাবা রামদেব। ভারতীয় চিকিৎসক সমিতি (IMA) পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে আদালতে আবেদন করে, সুপ্রিম কোর্ট সাময়িকভাবে পতঞ্জলির ওই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করে এবং বিভ্রান্তিকর দাবির জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবমাননার নোটিস জারি করে বলে খবর।
সম্প্রতি পতঞ্জলির গোলাপ শরবতের প্রচার নিয়ে শুরু হয় বিতর্ক। সরাসরি যোগগুরু রামদেব মুসলিম প্রসঙ্গ তোলেন। তিনি প্রচারের সময় একটি সংস্থার শরবতকে তুলে এনে দাবি করে বসেন, এই সংস্থা শরবত বিক্রি করে যে মুনাফা পায় তা দিয়ে মাদ্রাসা ও মসজিদ তৈরি করে। কিন্তু পতঞ্জলির নির্দিষ্ট শরবত কিনলে নাকি গুরুকুল তৈরি হবে।
এই বক্তব্য সম্প্রচার হওয়ার পরই রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যোগগুরু আরও দাবি করেন, যেভাবে লাভ জিহাদ আছে, এও এক ধরনের শরবত জিহাদ। নিজেকে এই শরবত জিহাদ থেকে বাঁচাতে হলে এই বার্তা সকলের কাছে পৌঁছনো জরুরি। এছাড়াও তিনি অন্যান্য শরবত প্রস্তুতকারক সংস্থাগুলিকে ‘টয়লেট ক্লিনার’-এর সঙ্গে তুলনা করেন। পতঞ্জলি-র পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি বার্তায় বলা হয়েছে, 'সফট ড্রিঙ্কস ও শরবতের নামে যে বিষ বিক্রি হচ্ছে, সেই টয়লেট ক্লিনার থেকে নিজের পরিবার ও নিরীহ সন্তানদের রক্ষা করুন। শুধুমাত্র পতঞ্জলির শরবতই বাড়িতে নিয়ে আসুন।'
এই নিয়েই শুরু হয়েছে প্রবল বিতর্ক। এর আগে চলতি বছর জানুয়ারিতে কেরলের একটি আদালত বাবা রামদেব এবং পতঞ্জলির সিইও আচার্য বলকৃষ্ণর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এই সংক্রান্ত আরেকটি মামলা দায়ের হয়েছে কেরলের কোঝিকোড়েও।