
শেষ আপডেট: 22 January 2024 07:18
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার দুপুরে অযোধ্যায় নবনির্বিত রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তি।
সেই উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে সেজে উঠেছে রামনগরী। রামের ছবি, রামের বিভিন্ন কাহিনী নিয়ে বানানো পোস্টার-সহ প্লাস্টার অফ প্যারিসের কারুকাজ মন্দির সংলগ্ন প্রায় ৭ কিলোমিটার এলাকা সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে বাহাড়ি ফুলের কারুকাজও। সেই তালিকায় রয়েছে কলকাতা থেকে নিয়ে যাওয়া কয়েক কুইণ্টাল গাঁদা ফুলও!
রাম মন্দিরের মূল যে গেট, সেখানে সব অতিথিদের স্বাগত জানানো হয়েছে গাঁদা ফুল দিয়ে এবং সেই গাঁদা গিয়েছে কলকাতা থেকে। গাঁদা ফুল দিয়ে লেখা হয়েছে, 'জয় শ্রীরাম'ও। এমনকী অতিথিদের স্বাগত জানানোর বার্তাও লেখা হয়েছে কলকাতার গাঁদা ফুল দিয়েই। শুধু মূলগেট নয়, মন্দিরে প্রবেশের মোট তিনটি গেটই কলকাতার গাঁদা ফুলে সেজে উঠেছে।
জানা যাচ্ছে, রবিবার সকালে কলকাতা থেকে এই কয়েক কুইণ্ট্যাল গাঁদা পৌঁছয় রামনগরী অযোধ্যাতে। তারপরে শুরু হয় গাঁদা ফুল দিয়ে মূল মন্দিরের গেট তৈরির কাজ। রবিবার দিনভর ধরে তৈরি হয়েছে ফুলের এই ফটক। সোমবার, আর কিছুক্ষণ পর গাঁদা ফুলের তৈরি এই তিনটি গেট দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে মূল মন্দির চত্বরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অতিথিরা।
এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে গত কয়েকদিন ধরেই নিরাপত্তার চাদরে অযোধ্যা। শুধু বন্দুকধারী নিরাপত্তারক্ষী নয়, গোটা অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুরদের। একই সঙ্গে যে কোনও রকম বিপর্যয় সামাল দিতে প্রস্তুত থাকছে এনডিআরএফ।
আপাতত যা খবর, মুকেশ আম্বানি থেকে শুরু করে, অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, গৌতম আদানি সহ একাধিক তাবড় ব্যক্তিরা সোমবার হাজির থাকতে চলেছেন অযোধ্যায়। ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছে গেছেন অনুপম খের, শেফালি শাহ, কঙ্গনা রানাউতরা।
সম্প্রতি নবনির্মিত রাম মন্দিরে বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠার শেষ মুহূর্তের প্রস্তুতির ভিডিও সোশ্যাল মাধ্যমে চলে আসে। ভিডিওয় দেখা যায়, শ্বেত পাথরের রাম লালার মন্দিরটিকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে বাহারি আলোর কারুকাজও।