
শেষ আপডেট: 18 January 2024 21:18
অমল সরকার, অযোধ্যা
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং সেখানে রামলালা বা শিশু রামের মূর্তি প্রতিষ্ঠার প্রস্তুতি গত মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনের আচার-অনুষ্ঠান পূর্ব নির্দিষ্ট।
বৃহস্পতিবার ছিল রামলালার নতুন তৈরি মূর্তি মন্দিরের একতলায় গর্ভগৃহে প্রতিষ্ঠার পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার মন্দির উদ্বোধন এবং মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার কথা।
আগে ঠিক ছিল প্রধানমন্ত্রী সোমবার সকালে দিল্লি থেকে অযোধ্যায় আসবেন। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হওয়ার কথা বেলা ১২’টায়।
এখন শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী আগের দিন, রবিবার দুপুরের পর অযোধ্যা পৌঁছে যেতে পারেন। কারণ, রোজই কুয়াশার কারণে দিল্লি থেকে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। অযোধ্যাতেও বিমান ওঠানামা স্বাভাবিক নয়। ঘন কুয়াশায় ছেয়ে থাকছে শহর। তাই ঝুঁকি এড়াতে প্রধানমন্ত্রী একদিন আগেই চলে আসতে পারেন। অযোধ্যায় পুজোয় বসার আগে তাঁর সরযূ নদীতে স্নান করার কথা।
সোমবার প্রাণ প্রতিষ্ঠার আসল অনুষ্ঠান হলেও বৃহস্পতিবারের পর্বটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শাস্ত্রজ্ঞদের মতে, বৃহস্পতিবারই রামলালার মূর্তি স্থায়ী আস্থানা পেল। মহিশূরের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ পাথর কেটে রামলালার নতুন মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিটির ওজন আনুমানিক দুশো কেজি। যন্ত্রের সাহায্যে সেটি গর্ভগৃহ হিসাবে চিহ্নিত অংশে বসানো হয়। যদিও মূর্তির ঢাকনা খোলা হয়নি। কেউই মূর্তি দর্শনের সুযোগ পাননি।
মূর্তিটি গর্ভগৃহে বসানোর আগে চার ঘণ্টা ধরে চলে পূজাপাঠ। খুব সকালে সাধুরা সরযূ নদীতে স্নান সেরে এসে পুজোয় বসেন। মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে বিপুল ভক্ত সমাগম হয়।
এই পর্ব ঘিরে সামান্য বিতর্কও দেখা দিয়েছে। সাধু-সমাজের একাংশ প্রশ্ন তুলেছে অস্থায়ী মন্দিরে আসীন আসল রামলালার মূর্তিটির কী হবে। সেটিকেই গর্ভগৃহে প্রতিষ্ঠা করা উচিত ছিল, মনে করেন তাঁদের কেউ কেউ। মন্দির কমিটি জানিয়েছে, আসল মূর্তিটি আয়তনে ছোট সেটি মন্দিরের উপরের তলায় রাখা হবে।
এদিকে, মঙ্গলবার থেকেই অযোধ্যায় পূণ্যার্থীরা দল বেঁধে আসতে শুরু করেছেন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আট-নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পূণ্যার্থীর ভিড় দেখে বোঝার উপায় নেই কেমন শৈত্যপ্রবাহ চলছে।
থাকার জাগয়া নিয়ে রীতিমতো হাহাকার চললেও খাওয়া নিয়ে চিন্তা নেই। শহর জুড়ে চলছে ভাণ্ডারা। তিন বেলা খাওয়া ফ্রি।