অবধেশ প্রসাদ
শেষ আপডেট: 2 February 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক সম্মেলনে হাউহাউ করে কেঁদে ফেললেন উত্তরপ্রদেশের ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণের বিহিত চেয়ে বিষয়টি লোকসভায় উত্থাপন করার বিষয়টিও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সপা সাংসদ।
শুক্রবার রাতে অযোধ্যার বাসিন্দা ওই দলিত তরুণী স্থানীয় ধর্মীয় একটি অনুষ্ঠানে গেছিলেন বলে খবর। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শনিবার অযোধ্যার একটি খাল থেকে বাইশ বছর বয়সি তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংসদ। সেখানেই আবেগতাড়িত হয়ে সাংসদকে বলতে শোনা যায়, “হে রাম, হে সীতা আপনারা কোথায়? অযোধ্যায় এই দিনও দেখতে হল?” এই বলে কপাল চাপড়ে কাঁদতে শুরু করে দেন সাংসদ।
यह जघन्य अपराध बेहद दुःखद हैं।
— Awadhesh Prasad (@Awadheshprasad_) February 2, 2025
अयोध्या के ग्रामसभा सहनवां, सरदार पटेल वार्ड में 3 दिन से गायब दलित परिवार की बेटी का शव निर्वस्त्र अवस्था में मिला है, उसकी दोनों आँखें फोड़ दी गई हैं उसके साथ अमानवीय व्यवहार हुआ है।
यह सरकार इंसाफ नही कर सकती। pic.twitter.com/aSvI3N74Kl
সম্মেলনে উপস্থিত সমাজবাদী পার্টির অন্য সদস্যরা তাঁকে সামাল দেওয়ার চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, সাংবাদিক সম্মেলনের মাঝেই কেঁদে ভাসাচ্ছেন সমাজবাদী পার্টির সাংসদ।
অবধেশ বলেন, “আমায় দিল্লি যেতে দিন। আমি লোকসভায় বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর সামনে উত্থাপন করব। যদি বিচার না পাই, তা হলে সাংসদ পদ ছেড়ে দেব।”
জানা গেছে, অবধেশের সংসদীয় এলাকার মধ্যেই পড়ে অযোধ্যা। তিনি সাংসদ হওয়ার পর মিল্কপুর বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে উপ নির্বাচন। তার আগে দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বিষয়টি নিয়ে বিজেপিকে যে সমাজবাদী পার্টি এতটুকু জায়গা ছেড়ে দেবে না তা দিনের আলোর মতো পরিষ্কার।