
বিজয় দেব, অনুরাগ আগরওয়াল এবং বিক্রমদেব দত্ত
শেষ আপডেট: 12 April 2024 08:59
দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সরকারি সফরে গিয়েছিলেন তিনজন আইএএস অফিসার। খরচ করেছিলেন প্রায় ২৫ লক্ষ টাকা। সম্প্রতি এক অডিট রিপোর্ট প্রকাশ্যে এসেছে যাতে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের করের টাকা তছনছ করেছেন ওই তিন আইএএস অফিসার।
বিজনেজ ক্লাস বিমানের টিকিট, বিলাসবহুল হোটেল সহ খাওয়া-দাওয়া... প্যারিস সফরে গিয়ে এসবই করেছিলেন বিজয় দেব, অনুরাগ আগরওয়াল এবং বিক্রমদেব দত্ত। প্রাথমিকভাবে এই সফরের জন্য ১৮ লক্ষ টাকা নির্ধারিত ছিল। কিন্তু পরে তা নিজেদের ইচ্ছামতো বাড়িয়ে ২৫ লক্ষ করেন তিনজন। অর্থাৎ আমজনতার করের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা নিজেদের ফুর্তির জন্য খরচ করেছেন ওই তিনজন আইএএস অফিসার।
যে সময়ে এই ঘটনা ঘটেছিল তখন বিজয় দেব চণ্ডীগড় প্রশাসনের উপদেষ্টা ছিলেন, অনুরাগ আগরওয়াল ছিলেন চণ্ডীগড়ের স্বরাষ্ট্র সচিব এবং বিক্রমদেব দত্ত ছিলেন পারসোনেল বিভাগের সচিব। চণ্ডীগড়ের অডিট জেনারেলের রিপোর্ট বলছে, ২০১৫ সালে প্যারিসের ফাউন্ডেশন ল কর্বুসিয়ের থেকে আমন্ত্রণ এসেছিল চণ্ডীগড় প্রশাসনের কাছে। সেই প্রেক্ষিতে প্যারিস পাঠানোর জন্য চার জনের নাম সুপারিশ করে চণ্ডীগড় প্রশাসন। তাঁদের ৩ জনই হচ্ছেন এই আইএএস অফিসার।
অভিযোগ উঠেছে, প্যারিস যাওয়ার কথা শুনেই তাঁরা আলাদাভাবে ঘোরার প্ল্যান বানিয়ে নিয়েছিলেন। একে অন্যকে পরিকল্পনা করতেও সাহায্য করেছিলেন। নিয়ম অনুযায়ী, পাঁচ দিনের বেশি বিদেশ সফরের ক্ষেত্রে স্ক্রিনিং কমিটির ছাড়পত্র লাগে। কিন্তু এই অফিসাররা অনুমোদন ছাড়াই সাত দিনের সফরে নিয়ে ফ্রান্স গেছিলেন। বর্তমানে তিন জনের মধ্যে দুই আইএএস আধিকারিকের বদলি হয়েছে। এক জন অবসর নিয়েছেন। কারওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা স্পষ্ট নয়।