
আতিশী মারলেনা
শেষ আপডেট: 17 September 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর মঙ্গলবার পদত্যাগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির জায়গায় ওই চেয়ারে বসতে পারেন আতিশী মারলেনা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
কিন্তু জানা যাচ্ছে আতিশীর নাম প্রস্তাব করেছেন স্বয়ং কেজরিওয়াল। আম আদমি পার্টি এমএলএ-দের নিয়ে যে মিটিং করেছিল, সেখানেই শোনা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে আতিশীর নাম প্রস্তাব করেছেন।
পার্টি নেতা দিলীপ পাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করতে বলেন। কেজরি সেখানেই আতিশীর নাম প্রস্তাব করলে সকলে তাতে সায় দেন।
প্রসঙ্গত, দ্য ওয়ালের সোমবারের খবরে এক নম্বরেই ছিল আতিশীর নাম।
কেজরিওয়ালের উত্তরসূরি হিসেবে যে বিধায়কদের নাম প্রস্তাব করা হয় তাঁদের প্রথমের ছিলেন আতিশী মারলেনা। বাকিরা হলেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলত এবং ইমরান হুসেন।
আজ বিকেলেই কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন। আতিশী যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি হবেন দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। জামিনে মুক্তি পেয়ে পদ ছাড়ার কথা বলেছিলেন কেজরি। বলেছিলেন, মানুষ আবার তাঁকে ভোটে জিতিয়ে না আনা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ফিরবেন না।
অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হয়েও মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন।