
আতিশী ও রেখা গুপ্ত
শেষ আপডেট: 23 February 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় রচিত হতে চলেছে। এই প্রথম দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতার (Delhi Leader Of Opposition) পদে নির্বাচিত হলেন কোনও মহিলা। আপ নেত্রী আতিশী (Atishi)। অর্থাৎ, আসন্ন বিধানসভা অধিবেশনে মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের বিরুদ্ধে সরব হবেন মহিলা বিরোধী দলনেতা। দিল্লির বিধানসভায় তথা গোটা দেশে এই প্রথম এমনটা হবে।
আজ, রবিবার, আম আদমি পার্টির বিধানসভা দলীয় বৈঠকে আতিশীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। দলের বিধায়ক সঞ্জীব ঝা তাঁর নাম প্রস্তাব করেন এবং সর্বসম্মতভাবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণ করে আতিশী বলেন, 'আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও বিধানসভা দলের প্রতি কৃতজ্ঞ। জনগণের স্বার্থে শক্তিশালী বিরোধী দল হিসেবে আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমরা চাপ দেব আসন্ন অধিবেশনে।'
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০টির মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং ক্ষমতায় ফেরে। অন্যদিকে, আম আদমি পার্টি মাত্র ২২টি আসন জিততে পারে এবং কংগ্রেস একটিও আসন না পেয়ে পুরোপুরি ব্যর্থ হয়।
আপের আতিশী তাঁর কালকাজি কেন্দ্রের আসন ধরে রাখতে সফল হন। সেখানে তিনি বিজেপির রমেশ বিধুরিকে পরাজিত করেন। তবে দলের অন্যতম প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া নির্বাচনে পরাজিত হয়েছেন।
আগামী কাল, সোমবার থেকেই দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই অধিবেশনে বিজেপি সরকার আগের আপ সরকারের কার্যক্রম নিয়ে অডিট রিপোর্ট (ক্যাগ রিপোর্ট) পেশ করার পরিকল্পনা করেছে।
সব মিলিয়ে, দিল্লির রাজনীতিতে এই প্রথম দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে নেতৃত্ব দেবেন দুই নারী। একজন শাসক দলের হয়ে এবং অন্যজন বিরোধী দলে। আসন্ন বিধানসভা অধিবেশনে এই দুই নারী নেতৃত্বের লড়াই যে বিশেষভাবে নজর কাড়বে এবং দিল্লির রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।