
শেষ আপডেট: 28 September 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো: অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এক্স পোস্টে জানিয়েছেন, শনিবার ভোরে ১৭ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো।হয়েছে।
অসমে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রাজ্য সরকার। সেই অভিযান সম্প্রতি জোরদার করা হয়েছে ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর। বাংলাদেশে হামলার মুখে পড়ে বহু আওয়ামী লিগের নেতা কর্মী সমর্থকেরা। হামলা হয় সংখ্যালঘুদের উপরও।
তখন থেকেই সীমান্তে নজরদারী বাড়াতে বিএসএফকে অনুরোধ করে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যে জোরকদমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে অসম পুলিশ। সেই অভিযান আরও জোরদার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়নের ডাক দেওয়ায়।
সরকারি সুত্রে বলা হয়েছে, অভিযানে ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে লম্বা আইনি প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে। শনিবার সকালে পুশ ব্যাক করা ১৭ জন বাংলাদেশির মধ্যে আটটি শিশু রয়েছে। এদের করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তবে কোন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে তা জানা যায়নি।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিষয় সরকার কঠোর অবস্থান নিয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝড়খণ্ডে নির্বাচনী জনসভায় হুঁশিয়ারি দেন, পাসপোর্ট-ভিসা ছাড়া আসা বাংলাদেশিরা ফিরে না গেলে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। শাহের সেই কথার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান তীব্র করে অসম সরকার। পশ্চিমবঙ্গের পর অসমের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে।